ভারতে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় বাসের চালক, ব্যায়ামাগারের প্রশিক্ষক ও ফল বিক্রেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’ ও বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।দিল্লি হাসপাতালে চিকিত্সাধীন ওই ছাত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন। দিল্লির সফদারজং হাসপাতালের চিকিত্সকেরা জানান, এখন পর্যন্ত এই ছাত্রীর শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। তাঁকে এখনো কৃত্রিম ব্যবস্থায় বাঁচিয়ে রাখা হয়েছে।এ ঘটনার জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে নতুন করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। প্রচুর নারী ও ছাত্রী রাষ্ট্রপতি ভবনের বাইরে বিক্ষোভ করেন।স্বাতী নামের একটি মেয়ে রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি যেতে সক্ষম হলেও নিরাপত্তা রক্ষীরা তাঁকে সরিয়ে দেয়। তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (রক্ষীবাহিনী) বলল, ভেতরে যেতে হলে অনুমতি লাগবে। আমাদের অনুমতি কেন লাগবে? যখন কেউ আমাদের ওপর হামলা চালায় বা শ্লীলতাহানি করে, তখন তো তারা কারও অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করে না। এখানে আমরা আমাদের দাবির কথা জানাতে এসেছি, তাই আমাদের অনুমতির প্রয়োজন!’এ ছাড়া সফদারজং হাসপাতালের সামনেও একটি গ্রুপ বিক্ষোভ করেছে। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন।দিল্লির পুলিশপ্রধান নিরাজ কুমার পিটিআইকে বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে পঞ্চমজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে নাবালক কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সে নাবালক হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’গত রোববারের ওই ঘটনায় ভারতের পার্লামেন্টে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যরা এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা গভীর দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানান।গত রোববার রাতে দক্ষিণ দিল্লিতে উত্তরাখণ্ডের ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর ওই ছাত্রী ও তাঁর সঙ্গের ছেলেবন্ধুকে নৃশংসভাবে মারধর করে দুর্বৃত্তরা। রড দিয়ে বেধড়ক পেটায় ছেলেবন্ধুকে। এরপর চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়।