ভারতে ছাত্রীকে প্রস্রাব খাওয়ানো নিয়ে তোলপাড়
ছাত্রীনিবাসে নিজের বিছানা ভিজিয়েছিল ১০ বছরের এক শিশু। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীনিবাসের প্রধান (ওয়ার্ডেন) তাকে ওই প্রস্রাব চেটে খেতে বাধ্য করেন। এ ঘটনা জানাজানি হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এমনকি তা প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে পৌঁছে। এতে বরখাস্ত হয়েছেন ওই ওয়ার্ডেন।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা পাঠভবন স্কুলের ছাত্রীনিবাসে গত শনিবার এ ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিবেদন চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ১০ দিনের মধ্যে জবাব দিতে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস।টাইসম অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, বিছানায় প্রস্রাব করার পর ছাত্রী নিবাসের ওয়ার্ডেন উমা পোদ্দার সেখানে লবণ ছিটিয়ে শিশুটিকে তা চেটে খেতে বাধ্য করেন। এতে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। পঞ্চম শ্রেণীর ওই শিশুশিক্ষার্থীটি এখন আর এই ছাত্রীনিবাসে যেতে ইচ্ছুক নয়। তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘যদি আমাকে বাসা থেকে স্কুল করতে দেওয়া হয়, তাহলেই আমি এ স্কুলে যাব, নাহলে আমি অন্য স্কুলে যাব। আমি বারবার ওয়ার্ডেনকে (উমা পোদ্দার) অনুরোধ করছিলাম। কিন্তু তিনি আমার কোনো কথা শোনেননি। আমি আমার মায়ের কাছে এ ব্যাপারে নালিশ করলে ওয়ার্ডেন আমাকে বকা দেন। মাকে ডেকে আনার কারণও তিনি জানতে চান।’গতকাল সোমবার বিষয়টি জানার পর শিক্ষার্থীদের অভিভাবক ও শান্তিনিকেতনের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার করা হয় উমা পোদ্দারকে। তবে ঘণ্টাখানেকের মধ্যে জামিনে মুক্তি পান তিনি।অন্যদিকে বিনা অনুমতিতে হোস্টেলে প্রবেশ ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে ওই শিশুর অভিভাবকদের বিরুদ্ধে বিশ্বভারতী কর্তৃপক্ষ এফআইআর করেন। এতে অভিযোগ হয়, ‘গত শনিবার রাতে করবী হোস্টেলে আসার সময় তারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করেছে।’তবে বিশ্বভারতীর মুখপাত্র অমৃত সেন দাবি করেন, তাঁরা অভিযোগনামায় কোনো অভিভাবকের নাম উল্লেখ করেননি। কিন্তু বীরভূমের পুলিশ সুপার ঋষিকেশ মিনা বলেন, অভিযোগ নামায় ওই শিশুর মা-বাবার নামসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। এরই ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।তবে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম পীযূষ ঘোষ বিনাশর্তে ওই অভিভাবকের জামিন মঞ্জুর করেন। উমা পোদ্দারের প্রতি নমনীয় আচরণের কারণে পুলিশ প্রশাসনকে তিরস্কার করেন। এ ঘটনাকে ‘শোচনীয় ও নিন্দনীয়’ মন্তব্য করে বিচারক ওই শিশুর চিকিত্সার সব ব্যয়ভার উমা পোদ্দারের বেতন থেকে কর্তনের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বিষয়টিতে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আদালত।আদালতে এ নির্দেশের পর বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্ত গুপ্ত সাংবাদিকদের বলেন, উমা পোদ্দারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনাটি ওই শিশুর রুমমেটের সামনেই হয়েছে। ওয়ার্ডেনকে বরখাস্ত করা হয়েছে।অন্যদিকে অভিভাবকেরা মনে করছেন এ শাস্তি খুবই নগণ্য। এ ঘটনা হোস্টেলে থাকা অন্য শিশুদের মনেও ভয় ঢুকিয়ে দিয়েছে।রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মানবসম্পদ উন্নয়ন-বিষয়ক মন্ত্রী কপিল সিবালকে চিঠি দিয়েছেন। বসু বলেন, বিশ্বভারতীর মতো বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার আইনগত অধিকার রাজ্য সরকারের নেই।