ভারতে জারদারি (ভিডিও)
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজ রোববার এক দিনের ব্যক্তিগত সফরে ভারতে পৌঁছেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানিয়েছে।ভারতের সংসদবিষয়ক মন্ত্রী পাওয়ান কুমার বনসাল দিল্লির পালাম বিমান ঘাঁটিতে প্রেসিডেন্ট জারদারিকে স্বাগত জানান। পরে তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়।জারদারির সঙ্গে তাঁর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি, স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক, পররাষ্ট্রসচিব জলিল আব্বাস জিলানি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা আছেন।জারদারির ভারত সফর উপলক্ষে আজ রোববার মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন ছাড়াও বিরোধী নেতা সুষমা সরাজ ও লালকৃষ্ণ আদভানি এই মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে জানা গেছে।এক দিনের ব্যক্তিগত এই সফরে প্রেসিডেন্ট জারদারি রাজস্থান রাজ্যের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।মধ্যাহ্নভোজের আগে দুই দেশের নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যকার চলমান সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।২০০৫ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান ভারত সফরে এলেন। ২০০৯ সালে রাশিয়ায় অনুষ্ঠিত এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) শীর্ষ সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সর্বশেষ বৈঠকে মিলিত হয়েছিলেন প্রেসিডেন্ট জারদারি।