ভারতে জোড়া খুনের মামলায় সাংসদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লক্ষেৗ পুলিশ গতকাল রোববার বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ ধনঞ্জয় সিংকে গ্রেপ্তার করেছে। ২০১০ সালে সংঘটিত একটি জোড়া খুনের মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া টুডে এ কথা জানিয়েছে। লক্ষেৗ পুলিশের উপমহাপরিদর্শক ডি কে ঠাকুর বলেন, ‘মাফিয়া ডন থেকে রাজনীতিবিদ হওয়া এ সাংসদকে গ্রেপ্তারের পর জানপুরে পাঠানো হয়েছে।’ ২০১০ সালের এপ্রিলে সঞ্জয় নিশাদ নামের এক ঠিকাদার ও নন্দলাল নিশাদ নামের এক চায়ের দোকানিকে একসঙ্গে গুলি করে হত্যা করেন আশুতোষ সিং। তিনি সাংসদ ধনঞ্জয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক ডি কে ঠাকুর।দলের শৃঙ্খলাবিরোধী কাজে সংশ্লিষ্ট থাকায় সাংসদ ধনঞ্জয়কে গত ১২ সেপ্টেম্বর মায়াবতী তাঁর দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেন। তবে ২১ নভেম্বর তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়।