ভারতে ট্রেনে আগুন, মৃত্যু ৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশে আজ সোমবার ভোররাতে যাত্রীবাহী একটি ট্রেনে আগুন লাগার ঘটনায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, ৭২ জন যাত্রী নিয়ে ‘তামিলনাড়ু এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী ট্রেনটি চেন্নাই থেকে দিল্লির দিকে যাচ্ছিল। স্থানীয় সময় ভোররাত চারটা ২০ মিনিটে অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের দক্ষিণে নিলোর স্টেশনে পৌঁছার পর ওই ট্রেনে আগুন লাগে। এতে অন্তত ৪৭ জন মারা যায়। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর আহত হয়েছে ২২ জন যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। নিলোর জেলা প্রশাসনের প্রধান বি শ্রীধর বিবিসিকে জানান, ওই ট্রেনে যখন আগুন লাগে, তখন যাত্রীরা সবাই ঘুমিয়ে ছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তাঁর ধারণা। এর আগে গত মে মাসে একই প্রদেশে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ২৪ জন নিহত হয়। রেলপথ কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ভারতে গত পাঁচ বছরে ট্রেন দুর্ঘটনায় এক হাজার ২২০ জন মানুষ মারা গেছে।