ভারতে তথ্যপ্রযুক্তির চাকরিতে লাখের ওপরে বেতন
মন্দা শেষে ভারতের চাকরির বাজারে সুদিন ফিরতে শুরু করেছে। তবে তা সব খাতে নয়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে বাড়ছে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীর চাহিদা। সে সঙ্গে বাড়ছে প্রতিভাবানদের ধরার প্রতিযোগিতা। প্রতিভাবানদের তো আর সহজেই পাওয়া যায় না। তাই ভারতের বিভিন্ন আইটি কোম্পানি দক্ষ ও অভিজ্ঞ চাকরি প্রার্থীদের জন্য ঘোষণা করছে অভাবনীয় বেতন কাঠামো। আর দ্বিগুণ বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা তো আছেই।সম্প্রতি কেলি সার্ভিস নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জরিপে ভারতে বিভিন্ন খাতে চাকরির প্রবণতা ও বেতন কাঠামোর দিকটি উঠে এসেছে। ২০১১-১২ সালে ভারতে নিয়োগ ও বেতন কাঠামোর ওপর পরিচালিত ওই জরিপের ফলা ফলে দেখা গেছে, আইটি খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে চোখ ধাঁধানো বেতন কাঠামো দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। জরিপে দেখা গেছে, তথ্যপ্রযুক্তি খাতে বছরে প্রধান তথ্য কর্মকর্তার বেতন প্রস্তাব করা হয়েছে, সর্বনিম্ন ২৫ লাখ রুপি এবং সর্বোচ্চ ৩৫ লাখ রুপি। প্রধান প্রযুক্তি কর্মকর্তার বেতন বছরে ৩০ লাখ থেকে ৪৫ লাখ রুপি, বিপণন ব্যবস্থাপকের ১৫—২৫ লাখ রুপি, প্রকৌশল প্রধানের ১৮—৩০ লাখ রুপি, উদ্যোক্তা স্থপতির সাড়ে ১২ লাখ থেকে ২০ লাখ রুপি, আইটি অপারেশন প্রধানের ১৫—২০ লাখ রুপি, ইনফরমেশন সিস্টেম প্রধানের ১৬—২২ লাখ রুপি, সফটওয়্যার ডেভালপমেন্ট প্রধানের ১৬—২২ লাখ রুপি, প্রকল্প পরিচালকের ১৮—২৫ লাখ রুপি, প্রকল্প বিপণন ব্যবস্থাপকের ১৫—২০ লাখ রুপি, প্রকল্প ব্যবস্থাপকের ১৪—১৮ লাখ রুপি এবং বিক্রয় পরিচালকের ১৮—২৮ লাখ রুপি।আইটি প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের জন্য লোভনীয় বেতন কাঠামোর প্রস্তাব দিলেও চাকরি পাওয়ার শর্ত হিসেবে জুড়ে দিয়েছে যথেষ্ট অভিজ্ঞতা ও দক্ষতার দিকটি। দ্য টাইমস অব ইন্ডিয়া।