ভারতে তীব্র শীতে ২৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা ও তীব্র শীতে ভারতের কয়েকটি অঙ্গরাজ্যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র শীতে উত্তর ভারতে ২৫ জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে রাজধানী নয়াদিল্লিতে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বেতার অল ইন্ডিয়া রেডিওর খবরে জানানো হয়, শীতের কারণে মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই গৃহহীন ও বৃদ্ধ। উত্তর প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে এসব ব্যক্তি মারা গেছে। শীতের কারণে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে পৌঁছেছে।ঘন কুয়াশার কারণে রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল মঙ্গলবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০০ ফ্লাইট নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারেনি। এর মধ্যে সাতটি ফ্লাইটের পথ পরিবর্তন ও ১০টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।ঘন কুয়াশার কারণে দিল্লি ও রাজস্থানে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। দিল্লিতে বর্তমানে তাপমাত্রা প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানে তা প্রায় ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভারতে আরও বেশ কিছুদিন এই তীব্র শীত থাকবে।