ভারতে তীব্র শীতে ৪০ জনের মৃত্যু
ভারতের উত্তরাঞ্চলে তীব্র শীতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। এর মধ্যে গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত এক উত্তর প্রদেশেই মারা গেছে ১৩ জন। পুলিশ জানায়, তীব্র শীতে বারাবাঙ্কিতে তিনজন, বিজনর, সুলতানপুর ও চান্দৌলিতে দুজন করে, গাজীপুর, ভাগপাত, বান্দা ও সোনেভাদরাতে একজন করে মারা গেছে। শীতার্তদের জন্য সরকারি ত্রাণ অপ্রতুল বলে অভিযোগ উঠেছে। সরকার শীতার্তদের জন্য কম্বল ও গৃহহীনদের জন্য আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করলেও কয়েক লাখ মানুষ এখনো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। এ কারণে মৃতের সংখ্যা বাড়ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভারতের উত্তরাঞ্চলের বড় অংশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। এতে সড়ক, রেল ও বিমান চলাচল ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে গত বুধবার হরিয়ানায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। ঘন কুয়াশার কারণে চারদিন ধরে চণ্ডীগড় থেকে বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লক্ষ্মৌ থেকে দুটি ফ্লাইট বন্ধ করা হয়। এ ছাড়া ওই অঞ্চলের বেশিরভাগ ট্রেন পাঁচ থেকে ২০ ঘণ্টা দেরিতে চলছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।