ভারতে দুই বছরে ৫০০০ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের প্রথম দুই বছরে ভারতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ তথ্য জানান। সাংসদ রেহানা আক্তারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।সাংসদ অপু উকিলের এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ‘বর্তমানে সারা দেশে পেঁয়াজ ও চিনির সরবরাহ স্বাভাবিক রয়েছে।’ তবে তিনি স্বীকার করেন, ‘গত বছরের এ সময়ের তুলনায় পেঁয়াজের বাজারমূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।’ এ জন্য অবশ্য পেঁয়াজের পচনশীলতাকে দায়ী করেন মন্ত্রী। একইভাবে ফারুক খান বলেন, ‘মাঝে মাঝে চিনির মূল্য হ্রাস-বৃদ্ধি পেয়ে থাকে। এ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়।’ অবশ্য তিনি আশা প্রকাশ করে বলেন, ‘শিগগিরই চিনির সরবরাহ আরও বৃদ্ধি পাবে এবং মূল্য স্থিতিশীল হবে।’বজলুল হক হারুনের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের বাজারমূল্য গত বছরের এ সময়ের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রতিবেশী দেশগুলোর তুলনায় এখনো বাংলাদেশে কম মূল্যে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। তিনি বলেন, ‘সিন্ডিকেট গড়ে উঠার ব্যাপারে সরকার সর্বদা সতর্ক রয়েছে। এ লক্ষ্যে আগামী ২০ জুন থেকে অত্যাবশ্যকীয় পণ্যবিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ-২০১১ কার্যকর করা হবে।’আফজাল হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাল্টি লেবেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনতে ‘ডাইরেক্ট সেল আইন-২০১১’ শীর্ষক একটি আইন আগামী তিন মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।ইট রপ্তানি বন্ধ হচ্ছে: শহীদুজ্জামান সরকার তাঁর সম্পূরক প্রশ্ন উত্থাপন করতে গিয়ে বলেন, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ইট ভারতে রপ্তানি হচ্ছে। ইট তৈরিতে উর্বর জমির মাটি ব্যবহার করা হচ্ছে। এতে করে জমির উর্বরতা কমে যাচ্ছে, পরিবেশের বিপর্যয়ও ঘটছে।পরিবেশের এই ক্ষতির বিষয়টি উল্লেখ করে নওগাঁর এই সাংসদ জানতে চান, ভারতে ইট রপ্তানি বন্ধ করা যায় কি না? জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে আমরা ইচ্ছা করলেই কোনো রপ্তানি বন্ধ করতে পারি না। বিশ্ববাণিজ্য সংস্থার কিছু বিধি-বিধান মানতে হয়। তার পরও আমরা আন্তমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি, অচিরেই ইট রপ্তানি বন্ধ করা হবে।’