ভারতে দুর্নীতির অভিযোগে টেলিযোগাযোগমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী এস রাজা। তাঁর বিরুদ্ধে দ্বিতীয় প্রজন্মের মোবাইল পরিষেবা স্পেকট্রাম বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এস রাজা ভারতের ক্ষমতাসীন ইউপিপি জোটের অন্যতম শরিক ডিএমকের মনোনীত মন্ত্রী ছিলেন।গত শনিবার ভারতের শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎ্কারে টেলিযোগাযোগ দপ্তরের একজন সাবেক আমলা দ্বিতীয় প্রজন্মের টেলিযোগাযোগ সুবিধার স্পেকট্রাম বণ্টন নিয়ে মন্ত্রী এস রাজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এর ফলে বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে মন্ত্রী এস রাজা পদত্যাগ করলেন। এস রাজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তাঁর দল ডিএমকে প্রধান এম করুণানিধি এ ব্যাপারে রাজার পাশে রয়েছেন। বিরোধীদের প্রচণ্ড সমালোচনা ও পার্লামেন্টে বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেও মূলত কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নির্দেশেই তিনি পদত্যাপত্রে স্বাক্ষরে বাধ্য হন।পদত্যাগের পর ৫৭ বছর বয়সী এস রাজা বলেন, ‘আমি পদত্যাগ করেছি, এর মানে এই নয় যে আমি আমার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ মেনে নিয়েছি। আমি অবশ্যই নির্দোষ প্রমাণিত হব। আমার পদত্যাগের মূল কারণ কেন্দ্রীয় সরকারকে বিব্রতকর অবস্থা থেকে রেহাই দেওয়া।’প্রসঙ্গত, এ নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দুজন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। এর আগে আইপিএল কেলেঙ্কারিতে পদত্যাগ করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর।