ভারতে ধর্ষণ-নিপীড়নের নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নারীকে শ্রদ্ধা করা হয় না, নারীর স্বাধীনতা নেই—এমন কথা বলা যাবে না। তা যদি হতো, সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারতেন না। সোনিয়া গান্ধী হতে পারতেন না ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী। তবে সেখানে নারীর প্রতি অপরাধ ও নারীকে হেনস্তা করার ঘটনা এত বেশি ঘটে যে, এর কাছে সব শ্রদ্ধা আর ভালোবাসা ম্লান। গণধর্ষণের শিকার হয়ে দিল্লির ওই মেডিকেল ছাত্রী মারা যাওয়ার পর স্পষ্ট করে যায়, দেশটিতে এখন নারী মর্যাদা ভূলুণ্ঠিত।দিল্লিতে ১৬ ডিসেম্বর ওই তরুণী একটি চলন্ত বাসে ধর্ষিত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে সারা ভারত। এ বিক্ষোভ চলার সময় আরও দুজন নারী গণধর্ষণের শিকার হয়ে মারা গেছেন দেশটির মণিপুর ও উত্তরখণ্ড রাজ্যে। ভারতের বিভিন্ন রাজ্যে নারীরা এখানে কেবল ধর্ষণ বা সহিংসতার শিকার হচ্ছে এমন নয়, বরং নারীরা এখানে বঞ্চিত, হেয়, কোণঠাসা, অবহেলিত ও অচ্ছুত হিসেবে বিবেচিত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং ‘ব্যাপক সামাজিক পরিবর্তনের’ ডাক দিয়েছেন। কিন্তু নারীর ওপর এসব সহিংসতার পেছনে কোন বিষয়গুলো মূল ভূমিকা পালন করছে, খতিয়ে দেখা দরকার। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে জন্মের আগেই ভ্রূণাবস্থায় অনেক নারীকে হত্যা করা হয়। জন্মের পর নারী-পুরুষের অনুপাত ঠিক রাখার অজুহাতে নারীশিশুদের হত্যা করার ঘটনা ঘটছে। এসব এড়িয়ে যেসব নারী বেঁচে থাকেন, তাঁদের অনেকে সামাজিক ও অর্থনৈতিক জীবনে বিভিন্ন পরিস্থিতির কারণে বৈষম্য, কুসংস্কার, সহিংসতা ও অবহেলার মধ্যে জীবন কাটাতে বাধ্য হন।থমসন রয়টার্সের ট্রাস্ট ল সংবাদ সেবার পরিচালিত এক জরিপের ফলাফল বলছে, বিশ্বের নারীদের জন্য নিকৃষ্টতম স্থান হলো ভারত। এ দেশটিতে ক্ষমতাসীন দলের প্রধান, পার্লামেন্টের স্পিকার, তিনজন মুখ্যমন্ত্রী এবং অনেক বিখ্যাত খেলোয়াড় ও সফল ব্যবসায়ীদের একাংশ নারী। এটি এমন একটি দেশ, যেখানে তরুণ প্রজন্মের নারীদের এক বিরাট অংশ আগের চেয়ে অনেক বেশি মাত্রায় বাড়ির বাইরে কাজে যোগ দিচ্ছেন। কিন্তু নারীদের ওপরে নির্যাতন-নিপীড়নও বাড়ছে পাল্লা দিয়ে।বিবিসি বলছে, ২০১১ সালে দেশটিতে ধর্ষণের পরিমাণ আগের বছরের চেয়ে ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। ওই বছর প্রায় ২৪ হাজার ধর্ষিত নারীর ৫৪ দশমিক ৭ শতাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। পুলিশের রেকর্ড বলছে, ৯৪ শতাংশ নারীর কাছে ধর্ষকেরা ছিল পূর্বপরিচিত। এদের এক-তৃতীয়াংশ প্রতিবেশী এবং অন্যদের মধ্যে আছে অভিভাবক ও আত্মীয়রা। দেশটিতে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে, তার ১৭ শতাংশ ঘটে কেবল দিল্লিতে। এ জন্য দিল্লির এখন ‘ধর্ষণের নগর’ বলে কুখ্যাতি জুটেছে।শুধু ধর্ষণ নয়, আরও বিভিন্ন উপায়ে নারীদের ওপরে চালানো হয় অত্যাচার-অবিচার। ২০১১ সালের পুলিশ রিপোর্ট বলছে, দেশটিতে আগের বছরের তুলনায় নারী অপহরণ বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ, যৌতুকের জন্য মৃত্যুর পরিমাণ বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ, পিটানো বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ, অন্যান্য যৌন নিপীড়ন বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ এবং নারী পাচার বেড়েছে ১২২ শতাংশ। অর্থনীতিবিদ শিবন অ্যান্ডারসন এবং দেবরাজ রায়ের একটি গবেষণায় বলা হয়েছে, ভারতে প্রতিবছর গড়ে ২০ লাখ নারী নিখোঁজ হন। এঁদের ১২ শতাংশ জন্মের সময়, ২৫ শতাংশ শৈশবে, ১৮ শতাংশ সন্তান প্রসবকালে এবং ৪৫ শতাংশ বৃদ্ধ বয়সে। সবচেয়ে বেশিসংখ্যক নারীর মৃত্যু হয় সন্তান জন্মের সময় বিভিন্ন জখমের ফলে। নারীদের প্রতি অবহেলার বিষয়টি এর মধ্য দিয়ে খানিকটা বোঝা যায়।দেশটিতে প্রতিবছর কমপক্ষে এক লাখ নারী আগুনে পুড়ে মারা যান। এঁদের একটি বড় অংশকেই যৌতুকের কারণে পুড়িয়ে মারে তাঁদের স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা। তবে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ হলো হূদরোগ।কার্যত ভারতের নারীদের সারা জীবনই বিভিন্ন বঞ্চনার মধ্য দিয়ে যেতে হয়। জীবনের প্রতিটি ধাপে বিভিন্ন প্রতিকূলতা তাঁদের পথরোধ করে দাঁড়ায়। সহিংসতা, দুর্বল স্বাস্থ্য, অসম সুবিধা, অবহেলা, খারাপ মানের খাবার এবং সামাজিক কুসংস্কার নারীদের জীবনকে দুর্বিষহ করে তোলে। বিশ্লেষকেরা বলছেন, ভারতের নারীদের সামাজিক গ্রহণযোগ্যতা বাড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সবার আগে দরকার সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দেশটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে উত্তরাঞ্চলে, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও ব্যাপক মাত্রার নারীবিদ্বেষের মূল অনেক গভীরে প্রোথিত।প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ দেশটির অনেক নাগরিক মনে করেন, নারীর ওপর এত বেশি সহিংসতার জন্য রাজনীতিবিদদের কপটতাই দায়ী। তাঁদের সদিচ্ছার অভাবে নারীর ওপর সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য ও নিপীড়ন বন্ধ করা যাচ্ছে না। গত পাঁচ বছরে দেশটির বিভিন্ন পর্যায়ের নির্বাচনে রাজনৈতিক দলগুলো কমপক্ষে ২৭ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলেন, যাঁরা ধর্ষণের কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন। দেশটির পার্লামেন্টের কমপক্ষে ছয় সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে।নারীদের নিয়ে ভারতের অশিক্ষিত জনগণের মধ্যে অনেক ধরনের কুসংস্কার হয়তো শত শত বছর ধরে কাজ করছে। কিন্তু শহুরে শিক্ষিত মানুষদের একাংশ যে নারীদের সম্পর্কে কী ধরনের মনোভাব পোষণ করেন, তা বোঝা যায় দুজন রাজনীতিবিদের বক্তব্য থেকে। গত সপ্তাহে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে ও পশ্চিমবঙ্গের বিধানসভায় কংগ্রেসের বিধায়ক অভিজিত্ মুখোপাধ্যায় দিল্লির আন্দোলনরত নারীদের সম্পর্কে যা বলেছেন, তা থেকে ভারতের সামাজিক অবস্থা বেশ ভালো বোঝা যায়। এক টেলিভিশনকে সাক্ষাত্কার দেওয়ার সময় তিনি বলেন, ‘যেসব সুন্দরী, সুন্দরী মহিলা, চড়া সাজে সেজে টিভিতে সাক্ষাত্কার দিচ্ছেন আর তাঁদের সন্তানদের দেখাচ্ছেন, তাঁরা আসলে সবাই শিক্ষার্থী কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।’ আসল ঘটনার সঙ্গে জনগণের বিক্ষোভের সম্পর্কের বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে মন্তব্যের এক দিন পর, ব্যাপক সমালোচনার মুখে তিনি বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ক্ষমা চান।পার্লামেন্টে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির রাজস্থান থেকে নির্বাচিত আইনপ্রণেতা বানোয়ারি লাল সিংগামের ধারণা, স্কুলের শিক্ষার্থীরা স্কার্ট পরার জন্যই নিপীড়নের শিকার হন। স্কুলগুলোতে পোশাকবিধি বদলানোর জন্য তিনি কয়েকদিন আগে রাজ্যের প্রধান সচিবকে চিঠি পর্যন্ত দিয়েছেন। ওই চিঠিতে তিনি বলেন, মেয়েরা যখন স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করে, তখন সে দৃশ্য অনেকের যৌনতার উদ্রেক ঘটায়। তাই মেয়েদের হয় সালোয়ার-কামিজ বা পুরো-হাতা শার্ট-প্যান্ট পরানো উচিত।ভারতে এত বেশি নারী নিপীড়নের পেছনে দুটি বিষয় মুখ্য। প্রথমত, সমাজে নারীর অবস্থান এবং দ্বিতীয়ত, নারীর অর্থনৈতিক ক্ষমতা। সমাজে এবং সমাজের বিভিন্ন আচার-অনুষ্ঠান, রীতি, প্রথা, বিনোদন ইত্যাদিতে নারীকে যেভাবে উপস্থাপন করা হয়, তা তাঁদের মর্যাদাকে খাটো করে দেওয়ার জন্য যথেষ্ট। ধর্ষকদের কাছে নারীরা কেবলই ভোগ্য হিসেবে বিবেচিত। মনস্তত্ত্ববিদদের ধারণা, ধর্ষকদের মনস্তত্ত্ব এ বিষয়টি কাজ করে যে, কোনো এক নারীকে পাওয়াটা তার এক ধরনের অধিকার। সম্প্রতি গালফ নিউজের ‘ডিকোডিং দ্য মাইন্ড অব অ্যা রেপিস্ট’ শিরোনামের একটি প্রতিবেদনে ধর্ষকদের প্রবণতা নিয়ে আলোচনা করা হয়েছে। ওই প্রতিবেদককে দুবাইয়ের লাইফওয়ার্কস কাউনসিলিং অ্যান্ড ডেভেলপমেন্টের মনোচিকিত্সক লাবিনা আহুজা বলেন, কোনো কোনো ধর্ষক মনে করে, নারীর ওপর এটা তার অধিকার। আবার অনেক ধর্ষক মনে করে, ঘটনার জন্য ধর্ষিতারাই দায়ী। আহুজা বলেন, ‘ধর্ষকেরা এটা ভাবতে ভালোবাসে যে, নিপীড়িত নারীটি ধর্ষিত হতে চাইছিল বা সে তা উপভোগ করেছে।’ অথচ বাস্তব হচ্ছে যে কোনো নারীই এ জিনিসটি চায় না।আরেকটি বিষয় হলো, ধর্ষক কোনো অদ্ভুত বা অচেনা ব্যক্তি নয়। তারা হতে পারে কারও বাগদত্তা, সহপাঠী বা কাছে থাকা অন্য কেউ। রেস্তোরাঁর কোনো পরিচারক, ঘরদোর পরিষ্কারকারী বা অফিসের কোনো দারোয়ান। এমনকি তিনি হতে পারেন শ্রদ্ধেয় কোনো ঘনিষ্ঠজন। এসবের বাইরে যেকোনো পুরুষও হতে পারে ধর্ষক। দুবাইয়ের আমেরিকান সেন্টার ফর সাইকিয়াট্রির মনোচিকিত্সক মুহাম্মদ তাহির বলেন, তবে সব ক্ষেত্রে ধর্ষকদের বিষয়ে একটি কথা সত্য। সব ধর্ষক নির্যাতিত ব্যক্তিটিকে মনে করে ‘কামনার বস্তু’। এরা সাধারণত শারীরিকভাবে বা আত্মরক্ষায় দুর্বল নারীর ওপরে হামলা চালায়।কোন ঘটনাগুলো এক ব্যক্তিকে ‘ধর্ষক’ করে তোলে? এর জবাবে মনোবিজ্ঞানীরা চারটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো: অতীত অভিজ্ঞতা, একাকিত্ব, ক্ষোভ ও তাড়না।ধর্ষণের সঙ্গে ক্ষমতার সম্পর্কও আছে। নারীর ওপর বলপ্রয়োগের বহিঃপ্রকাশ হিসেবেও ধর্ষণের ঘটনা ঘটতে হতে পারে। কখনো দেখা যায়, সামাজিকভাবে কোণঠাসা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ার আশায় অলীক কল্পনা করতে থাকে। কিন্তু কাঙ্ক্ষিত সমাধান না পেয়ে, বলপ্রয়োগের পথ বেছে নেয়।আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, মানসিক বিকার। বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণে ব্যক্তির মধ্যে মানসিক বিকার দেখা দেয়। এর ফলে কোনো এক ব্যক্তির সঙ্গে আশপাশের মানুষগুলোর দূরত্ব তৈরি হয়। এটা একধরনের হীনম্মন্যতারও জন্ম দেয়। এতে দুর্বল কারও ওপর নিপীড়ন চালানোর একটি প্রবণতা দেখা দেয়। আর পুরুষতান্ত্রিক সমাজে নারীরা হন এর সহজ শিকার।কার্যত সমাজের ব্যাধি ব্যক্তির মধ্যে ঢুকে তাকে ধর্ষক করে তোলে। ভারত এখন অর্থনৈতিক ও সামাজিক উত্থানের পথে চলছে। শহরগুলো যে হারে এগিয়ে চলেছে, গ্রামগুলো সেভাবে এগোচ্ছে না। শহরের জমকালো পরিবেশ, পশ্চিমা সংস্কৃতি, ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার আর গ্রামের আবহমান ও ধীরে পরিবর্তিত পরিবেশ, গ্রামীণ সংস্কৃতি, ভিন্ন ভিন্ন ভাষার ব্যবহারে মানুষের মধ্যে দূরত্ব বাড়ছে। পুরোনো ধারণা শহরের পাশে এসে ব্যাপক ধাক্কা খাচ্ছে।বিনোদনের মাধ্যমগুলোতে এমন সংস্কৃতি ও সমাজকে তুলে ধরা হচ্ছে, যাতে ব্যক্তি তার আশপাশের মানুষদের থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে। পাশের মানুষটিকে সে ‘অপর’ হিসেবে দেখতে শিখছে। সাংস্কৃতিকবৈষম্য সামাজিক জীবনকে কেবল ভাঙছেই, নতুন করে সে মাত্রায় কোনো কিছু গড়ছে না।অন্যদিকে রাষ্ট্রও ব্যর্থ হয়েছে অর্থনৈতিক উত্থানের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক চৈতন্যকে নির্ধারণের কৌশল হাতে নিতে। ভারতজুড়ে পশ্চিমা সংস্কৃতির হাওয়ার পৃষ্ঠপোষকতা করছে যে রাষ্ট্র, তা দেশের মানুষের চেতনায় নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় কোনো কাজ করছে না। এমন আইন প্রতিষ্ঠায়ও পিছিয়ে আছে রাষ্ট্রটি। ক্রমে নারী দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। আর দুর্বলের ওপরে নিপীড়নও বাড়ছে। ভারতের সমাজে প্রায় সব ধর্মাবলম্বীর মধ্যে নারীরা পারিবারিক সম্পত্তিতে অধিকারহীন। যেসব স্থানে বা ধর্মে নারীদের সম্পত্তির অধিকার স্বীকৃত, সেখানেও দেখা যায় নারীরা তা পান না। বিভিন্ন অজুহাতে তাঁদের বঞ্চিত করা হয়। এতে পরিবারে ও সমাজে পুরুষদের নিয়ন্ত্রণ পুরোপুরি অটুট থাকছে। নারীরা হয়তো সালোয়ার-কামিজ বা শাড়ি ছেড়ে প্যান্ট-শার্ট পরছে, কিন্তু পুরুষদের প্রভাব এড়াতে পারছে না। এ জন্য নারী-পুরুষ নির্বিশেষে সমাজের সব সদস্যের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন, তাও দেখা যাচ্ছে দেশটিতে অপ্রতুল।দেশটি পারমাণবিক বোমা, বিজ্ঞান গবেষণা, শিক্ষা, বলিউডি চলচ্চিত্রসহ বিভিন্ন খাতে ব্যাপক উত্কর্ষ সাধন করলেও নারীদের রক্ষার্থে একটি যৌন নিপীড়নবিরোধী আইন প্রণয়ন করতে পারেনি। আইনের কাজ কেবল শাস্তি দেওয়া নয়। শাস্তি দিয়ে ভয় দেখানোও তার কাজ নয়। প্রথম কাজ হলো কোনো একটি কাজকে ‘অন্যায়’ বা ‘ন্যায়’ হিসেবে শনাক্ত করা। এরপর দোষীদের শোধরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। দিল্লির প্রতিবাদ ও বিক্ষোভের পর এবার হয়তো নারীদের জন্য সুখবর পাওয়া যাবে। ইতিহাস বলছে, সংগ্রাম ও বিক্ষোভই ভারতে অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ। আন্দোলন এখনো সে পথেই চলছে।