ভারতে নতুন বছরে পুরোনো লজ্জা
ভারতে নতুন বছরে আবার দেখা দিয়েছে পুরোনো লজ্জা। গণধর্ষণের শিকার হয়ে প্রাণ হারানো ছাত্রী দামিনীর দেহভস্ম গঙ্গায় ভাসানোর কয়েক ঘণ্টা আগে দিল্লিতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ বুধবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।অভিযোগকারী ১৭ বছর বয়সী ওই ছাত্রী দক্ষিণ দিল্লির একটি নামকরা স্কুলে একাদশ শ্রেণীতে পড়েন। দক্ষিণ দিল্লিতে থার্টি ফার্স্ট নাইটের এক পার্টিতে দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে বলে ওই ছাত্রী পুলিশের কাছে অভিযোগ করেছেন।অভিযোগ পাওয়ার পর গতকাল ভোররাতে অভিযোগ ওঠা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেন। গতকাল বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের তিহার কারাগারে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী তাঁর অভিযোগে উল্লেখ করেন, ধর্ষকদের মধ্যে একজনের সঙ্গে কয়েক মাস আগে অনলাইনের মাধ্যমে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে।