ভারতে নির্বাচনী প্রচারণায় কোলাবেরি ডি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউটিউবে প্রকাশিত হওয়ার পর ওয়েব দুনিয়ায় তো বটেই, দক্ষিণ ভারতের অভিনেতা ধানুষের গাওয়া কোলাবেরি ডি গানটি ভারতের সাধারণ মানুষের মনও জয় করেছে। সম্ভবত এ কারণেই দেশটির রাজনৈতিক দল কংগ্রেস আগামী নির্বাচনী প্রচারণায় থিম সং হিসেবে কোলাবেরি ডির প্রতি আগ্রহ দেখিয়েছে। বার্তা সংস্থা টিএনএন এক খবরে জানিয়েছে, দেশটির আগামী নির্বাচনী প্রচারণায় উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ও পাঞ্জাব রাজ্যে নির্বাচনী প্রচারণার জন্য কোলাবেরি ডি গানটির প্রতি আগ্রহ দেখিয়েছে কংগ্রেস।কংগ্রেস নাকি কোলাবেরি ডি গানটির স্বত্ব কেনার এক পরিকল্পনা করছে। উদ্দেশ্য; নির্বাচনী প্রচারণায় গানটি থিম সং হিসেবে ব্যবহার করা। দলটির উত্তর প্রদেশের ইলেকশন মিডিয়া ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান বলিউডের অভিনেতা রাজ বাব্বর জানিয়েছেন, ‘নির্বাচনী প্রচারণায় আমাদের দলের কর্মীদের পক্ষ থেকেই এ গান ব্যবহারের প্রস্তাব এসেছে। তালিকায় আরও চার-পাঁচটি গানও রয়েছে। আমরা বিষয়টি নিয়ে ভাবছি। যে গানটি সবচেয়ে বেশি সমর্থক পাবে, তার কপি রাইট কেনার পরিকল্পনা রয়েছে আমাদের।’উল্লেখ্য, দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা রজনিকান্তের জামাতা ধানুষের গাওয়া কোলাবেরি ডি গানটি তামিল ছবি ‘থ্রি’র জন্যই তৈরি হয়েছিল। ‘থ্রি’ ছবির পরিচালক ঐশ্বরিয়া রজনিকান্ত, ধানুষের স্ত্রী। ২৮ বছর বয়সী ধানুষ ওরফে ভেংকাটেশ প্রভু কস্তুরি রাজা মূলত অভিনেতা। কিন্তু দক্ষিণ ভারতের এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি গান লেখেন, শখের বশে মাঝেমধ্যে তাতে কণ্ঠও দেন। এভাবেই ধানুষের লেখা আর গাওয়া হয়েছিল কোলাবেরি ডি গানটি। এ আর রেহমানের স্টুডিওতে গানটির রেকর্ডিং এ কণ্ঠ দিয়েছিলেন ধানুষ নিজেই। থ্রির জন্য ধারণকৃত গানটি এরপর কীভাবে যেন ইউ টিউবে ছড়িয়ে পড়ে। তারপর এক কথায়- ভিনি ভিডি ভিসি! এলাম, দেখলাম, জয় করলাম। তোলপাড় তোলে ধানুষের কোলবেরি ডি।