ভারতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনে নিহত ১
ভারতের তামিলনাড়ু প্রদেশের কুদানকুলামে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার জনতার বিক্ষোভ সমাবেশ ও মিছিলে পুলিশ গুলি চালালে এক ব্যক্তি মারা যান।‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে বলা হয়, আজ সারা দিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিক্ষোভকারীরা কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবরোধ করতে চাইলে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিক্ষোভকারীরা পাশের জেলা টুটিকোরিনের মানাপাদ নামের এক গ্রামে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের গুলিতে ৪৪ বছর বয়সী এক মেছো মারা যান।তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার কুদানকুলামের ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে প্রায় দুই হাজার প্রতিবাদকারী দুই দিন ধরে বিক্ষোভ করছিল। আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ তাদের লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। জবাবে বিক্ষোভকারীরা পাথর ও ডালপালা ছুড়ছিল। ঢাল-লাঠি হাতে পুলিশ বিক্ষোভকারীদের তাড়া করলে একপর্যায়ে অনেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে।পুলিশ বলেছে, বিক্ষোভকারীরা একটি পঞ্চায়েত কার্যালয় ও একটি সরকারি মদের দোকানে আগুন দিয়েছে। এরপর পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে তাদের সংঘর্ষ হয়। এক বছর ধরে চলা এই বিক্ষোভ এত দিন শান্তিপূর্ণভাবেই চলেছে।পুলিশের কর্মকর্তারা বলেছেন, প্রতিবাদকারীরা সরকারি নির্দেশ অমান্য করে কুদানকুলাম বিদ্যুেকন্দ্রের আধা কিলোমিটার দূরে সমুদ্রতটে অবস্থান করে দুই দিন ধরে বিক্ষোভ করছিল। কয়েক দফা আলোচনা করে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এরপর পুলিশ অভিযান শুরু করে।একজন প্রতিবাদকারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রায় ৫০০ বিক্ষোভকারী টুটিকোরিনের প্রধান রেলপথ ও নাগেরকোইলের একটি মহাসড়ক অবরোধ করেছে।মিছিলে পুলিশের হামলার নিন্দা জানিয়ে পিপলস মুভমেন্ট অ্যাগেইনস্ট নিউক্লিয়ার এনার্জি ৪৮ ঘণ্টা অনশনের ডাক দিয়েছে।