ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর হামলা করানো হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী দাবি করেছেন, ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দিয়ে তিনি ও তাঁর দলের শীর্ষস্থানীয় নেতাদের ওপর হামলা করানো হতে পারে। পশ্চিমা দুটি দূতাবাস তাঁকে এই বিষয়ে সতর্ক করেছে বলেও দাবি তাঁর। তবে তিনি দূতাবাস দুটির নাম প্রকাশ করেননি।জাতীয় প্রেসক্লাবে ‘মহাজোট সরকারের ১৬ মাস: আশ্বাস ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় আজ বৃহস্পতিবার সাকা চৌধুরী এসব কথা বলেন। ন্যাশনাল ইয়ুথ ফোরাম এই আলোচনার আয়োজন করে।সাকা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যে চুক্তি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ভারত পালিয়ে থাকা কিছু বাংলাদেশি সন্ত্রাসীকে হস্তান্তর করেছে। কিন্তু সরকার তা প্রকাশ করেনি। সাকা চৌধুরীর দাবি, ওই দুটি দূতাবাসের আশঙ্কা, এই সন্ত্রাসীদের তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সাকা চৌধুরী বলেন, ‘১৯৭১ সালে হাইকোর্টের বিচারপতি, সচিব, জেলা প্রশাসক, এইচ এম এরশাদসহ সবাই ইয়াহিয়া সরকারের বেতন খাইলেন। আর বিচার করবেন সালাউদ্দিন কাদের চৌধুরী ও কামারুজ্জামানের। আমরা খুব বেশি হলে দর্শক হিসেবে হাততালি দিয়েছি। কিন্তু যারা মাঠে ফাউল করল তাদের বিচার হবে না। দর্শকদের বিচারের তোড়জোড় চলছে। সবই অদ্ভুত।’ আলোচনায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানও উপস্থিত ছিলেন।সাকা চৌধুরী সরকারকে উদ্দেশ করে বলেন, ‘সাগরে বাস করি। আমাদের শিশিরের ভয় দেখাবেন না।’সাবেক মন্ত্রী এ টি এম গিয়াসউদ্দিনের আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদীন, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, শামা ওবায়েদ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির নেতা রফিক চৌধুরী।জয়নাল আবদীন বলেন, সংসদ অকার্যকর করার পেছনে একমাত্র স্পিকার দায়ী। তিনি বাইরে বিরোধী দলের পক্ষে কথা বলার আশ্বাস দেন। কিন্তু বাস্তবে করেন উল্টো।জামায়াতের নেতা কামারুজ্জামান বলেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পল্টন থেকে আন্দোলনের কর্মসূচি দেবেন। আন্দোলনের মধ্য দিয়েই সরকার বিতাড়িত হবে।