ভারতে পেট্রল ও ডিজেলের দাম আবার বাড়ছে
ভারতে আজ বুধবার থেকে আবার পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হচ্ছে। ওই দেশের ১৩টি বড় শহরে আজ মধ্য রাত থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হচ্ছে। একই সঙ্গে কাল বৃহস্পতিবার থেকে এই ১৩ শহরে ইউরো-৪ জ্বালানি সরবরাহ করা হবে। বার্তা সংস্থা পিটিআই জানায়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেয়।ইউরো-৪ জ্বালানি সরবরাহের কারণে দিল্লিতে পেট্রলের মূল্য ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ৪৭.৯৩ রুপি হবে এবং প্রতি লিটার ডিজেল ২৬ পয়সা বৃদ্ধি পেয়ে ৩৮.১০ রুপি হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ তথ্য জানান।ভারতের যে ১৩টি শহরে জ্বালানি তেলের দাম বাড়ছে সেগুলো হলো দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, বাঙ্গালুরু, লক্ষৌ, কানপুর, আগ্রা, সুরাট, আহমেদাবাদ, পুনে ও শোলাপুর।পরিষ্কারক জ্বালানি উত্পাদনের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য তেল কোম্পানিগুলো ৪০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। আর সাধারণত উত্পাদন খরচের ক্ষতিপূরণ করার জন্য মূলত মূল্য বৃদ্ধি করা হয়ে থাকে।দিল্লিতে গত এক মাসেরও কম সময়ের মধ্যে এই মূল্য বৃদ্ধি ডিজেলের ক্ষেত্রে তৃতীয় ও পেট্রলের ক্ষেত্রে দ্বিতীয়। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আমদানি ও রপ্তানির ওপর নির্ধারিত শুল্ক বাড়ানোয় গত মাসের ২৭ তারিখে পেট্রলের দাম প্রতি লিটার ২.৭১ রুপি ও ডিজেলের দাম প্রতি লিটার ২.৩৭ রুপি বাড়ানো হয়। সরকার ভ্যাট বৃদ্ধি করায় চলতি মাসের ২৩ তারিখে প্রতি লিটার ডিজেলে ২.৩৭ রুপি বাড়ানো হয়।