ভারতে পেট্রলের দাম বাড়ল
আবারও পেট্রলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানিগুলো। এবার লিটারপ্রতি দাম বাড়ছে পাঁচ রুপি করে। আজ শনিবার মধ্যরাত থেকেই এ ঘোষণা কার্যকর হবে। বর্তমানে দিল্লিতে লিটারপ্রতি পেট্রলের দাম ৫৮ রুপি ৩৭ পয়সা। আজ রাত থেকে দাম বেড়ে দাঁড়াবে ৬৩ রুপি ৩৭ পয়সায়। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।এর আগে তেল কোম্পানিগুলো গত জানুয়ারিতে অপরিশোধিত তেলসহ পেট্রলের দাম বাড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার একদিনের মাথায় দাম বাড়ল পেট্রলের।জানা গেছে, আজ মধ্যরাত থেকেই ইন্ডিয়ান অয়েল প্রতি লিটার পেট্রলের দাম বাড়াবে ৪ দশমিক ৯৯ রুপি। আর ইন্ডিয়ান পেট্রলিয়াম ও হিন্দুস্তান পেট্রলিয়াম প্রতি লিটার পেট্রলের দাম বাড়াবে পাঁচ দশমিক ০১ রুপি। ভারত সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি জুন থেকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন কোম্পানিগুলোর ওপর ছেড়ে দিয়েছে। রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানিগুলো জ্বালানি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দাম বাড়াতে পারবে না বলেও জানা গেছে। এর পরও রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানিগুলো পেট্রলের দাম বাড়াল।