ভারতে পৌঁছেছেন খালেদা জিয়া
ঈদুল আজহার পরদিন আজ রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক সপ্তাহের সফরে ভারতে গিয়েছেন। সকাল নয়টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দিল্লির পথে রওয়ানা হন। স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় তিনি সেখানে পৌঁছান।ঢাকা ত্যাগ করার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে খালেদা জিয়াকে বিদায় জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় অঙ্গ-সংগঠনের নেতারা।আগামী ৩ নভেম্বর খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়া এই প্রথম ভারত সরকারের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন। এ সফরে তাঁর সঙ্গে ভারতের সরকারি ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান, সাবেক সাংসদ খালেদা রাব্বানী ও খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদ। এ ছাড়া এখন সৌদি আরবে থাকা বিএনপির নেতা মোসাদ্দেক আলী এ সফরে যুক্ত হতে পারেন বলে মারুফ কামাল জানিয়েছেন।