ভারতে প্রতিবন্ধী শিশুদের ওপর অমানবিক নির্যাতন
ভারতের মধ্যপ্রদেশে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত দুটি হোস্টেলে মেয়েশিশুদের ওপর নিপীড়ন ও নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, একটি বেসরকারি সাহায্য সংস্থা (এনজিও) ‘সাজা দেওয়ার’ অজুহাতে মেয়েশিশুদের মাসের পর মাস ছেলেদের হোস্টেলে থাকতে বাধ্য করছে। ঘটনাটিকে বিশ্লেষকেরা ‘ছাগশিশুকে বাঘের খাঁচায় পাঠানোর’ সঙ্গে তুলনা করছেন।ঘটনাটি প্রকাশ হওয়ার পর শেহোরভিত্তিক এনজিও ব্রাইট স্টার সোস্যাল সোসাইটির বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ শুরু হয়েছে। ওই এলাকায় এনজিওটি দীর্ঘদিন ধরে ছেলে ও মেয়েদের জন্য দুটি পৃথক হোস্টেল চালিয়ে আসছিল।সন্ত্রস্ত শিশুদের মুখভারতের মধ্যপ্রদেশের শিশু-অধিকার সংরক্ষণ রাজ্য পরিষদ (এসসিপিসিআর) গত মঙ্গলবার রাতে শেহোরের মান্দি এলাকার হোস্টেল দুটিতে অভিযান চালালে দীর্ঘদিন ধরে চলা নিপীড়নের ঘটনাটি প্রকাশিত হয়। পরিষদের কর্মকর্তারা জানান, মেয়েশিশুদের সবাই এত বেশি ভয় পাচ্ছিল যে, তারা কথা বলতে পারছিল না। কোনো ভুল করলে বা হোস্টেলের সুযোগ-সুবিধা নিয়ে কর্মকর্তাদের কাছে অভিযোগ করলে সাজা হিসেবে তাদের ছেলেদের হোস্টেলে পাঠিয়ে দেওয়া হতো। সেখানে তাদের বাধ্য করা হতো ছেলেদের সঙ্গে থাকতে।এক শিশু এসসিপিসিআরের কর্মকর্তাদের বলে, ‘বড় আপা যদি মনে করতেন যে আমরা কোনো ভুল করেছি, তাহলে আমাদের ছেলেদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। অনেক নোংরা কাজ করতে হতো আমাদের। কখনো কখনো আমাদের মারত।’ছেলেদের হোস্টেলে পাঠানোর পর সেখানে তাদের সঙ্গে কী করা হতো, আরেক প্রতিবন্ধী শিশুকে এমন প্রশ্ন করলে সে ভয়ে টুঁ শব্দটি করার সাহস পায়নি, কেবল ফুঁপিয়ে কাঁদতে থাকে।এসসিপিসিআরের সভাপতি উষা চতুর্বেদী আরও ভয়ংকর তথ্য দেন। তিনি বলেন, হোস্টেল দুটিতে বিভিন্ন অনিয়ম ছাড়াও শিক্ষার্থী নিখোঁজ হওয়ার মতো ঘটনা ঘটেছে। তিনি জানান, ‘হোস্টেলের খাতায় ৪৮ জন মেয়েশিশুর নাম থাকলেও মঙ্গলবার মাত্র ৩০ জনকে উপস্থিত পাওয়া গেছে। (এনজিওটির) সচিব অবনিশ জাফেরি আমাদের বলেছেন, ওই ১৮ জন শিশু দেওয়ালির ছুটি শেষে আর ফিরে আসেনি।’মেয়েশিশুদের আরও ভয়াবহ দুর্দশা ও অমানবিক অবস্থার কথা জানান উষা। তিনি বলেন, ‘৩০টি শিশুকে ১১ ফুট দৈর্ঘ্য ও ১১ ফুট প্রস্থের একটি কক্ষে গাদাগাদি করে রাখা হয়েছে।’শাস্তিমূলক ব্যবস্থাশেহোর জেলা প্রশাসন ওই এনজিওর হোস্টেল চালানোর অনুমতিপত্র বাতিল করেছে। তবে এনজিওর প্রধান সংগীতা ও ইরশার জাফেরির বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে প্রশ্ন করলে জেলা প্রশাসক কবীন্দ্র কিয়াওয়াত বলেন, তিন দিনের মধ্যে এনজিওটিকে হোস্টেল দুটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।মেয়েশিশুদের ওপর যৌন নিপীড়নও চালানো হতো কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কবীন্দ্র। তবে, পরীক্ষার জন্য কোনো শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করেননি।এসসিপিসিআর জেলার প্রকল্প সমন্বয়কের কাছে এনজিওটির ওপর একটি প্রতিবেদন চেয়েছে এবং নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে সমন্বয়ককে নির্দেশ দিয়েছে।এদিকে, জিজ্ঞাসাবাদের সময় অবনিশ এসসিপিসিআরের কাছে স্বীকার করেছেন, প্রায় ১৫ দিন আগে তিনি এক শিশুকে ‘বিছানা ভেজানোর কারণে’ ছেলেদের হোস্টেলে পাঠিয়েছিলেন। তবে তিনি শিশুটিকে সেখানে রাখেননি। পরে শিশুটিকে তাঁর স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন অবনিশ।রাজ্য শিক্ষাকেন্দ্রের কমিশনার রেশমি অরুণ শামি এবং সামাজিক ন্যায়বিচার কমিশনার বি কে বাথাম হোস্টেলটির কর্মকাণ্ড তদন্ত করে দেখছেন এবং মেয়েশিশুদের সঙ্গে কথা বলছেন। ঘটনাটি ‘খুবই স্পর্শকাতর’ বলে তাঁরা বিস্তারিত কিছু বলতে রাজি হননি।