ভারতে প্রধানমন্ত্রীর সফরসূচি কাটছাঁট, কলকাতা বাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরসূচি কাটছাঁট হয়েছে। বাতিল করা হয়েছে তাঁর পশ্চিমবঙ্গ সফরের পরিকল্পনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো গতকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে পশ্চিমবঙ্গ সফরটি কেন বাতিল হয়েছে, তা তারা জানাতে রাজি হয়নি। ভারতীয় হাইকমিশনের একটি সূত্র প্রথম আলোকে জানায়, বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরটি বাতিল করার অনুরোধ জানানো হয়েছে। ভারতের অনুরোধে কিংবা নিরাপত্তাজনিত কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হয়নি বলে দাবি করে ভারতীয় হাইকমিশনের ওই সূত্র। নির্ভরযোগ্য সরকারি সূত্রে জানা গেছে, দিল্লি থেকেই পশ্চিমবঙ্গের প্রস্তাবিত সফরটি বাতিলের অনুরোধ আসে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্রের সৌজন্য সাক্ষাতের সময় সফরসূচিতে কাটছাঁটের বিষয়টি নিয়ে আলোচনা হয়। রজিত মিত্র গতকাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ১০ জানুয়ারি ভারত সফরে যাবেন। ১৪ জানুয়ারি কলকাতা সফর শেষে তাঁর দেশে ফেরার কথা থাকলেও তিনি দিল্লি ও রাজস্থান সফর শেষে ঢাকায় ফিরবেন। ১৩ জানুয়ারি সকালে দিল্লি থেকে প্রধানমন্ত্রীর কলকাতায় যাওয়ার কথা ছিল। এরপর তাঁর সরাসরি শান্তিনিকেতনে যাওয়ার কথা। সেখানে মধ্যাহ্নভোজ শেষে কলকাতায় ফিরে বর্ষীয়ান রাজনীতিবিদ জ্যোতি বসুর সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল। প্রধানমন্ত্র্রীর আগের কার্যসূচিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যেরও তাঁর সঙ্গে হোটেলে দেখা করার কথা ছিল।