ভারতে প্রস্তাবিত বাজেটে সামাজিক খাতে ১৭ শতাংশ ব্যয় বৃদ্ধি
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আজ সোমবার দেশটির ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নতুন বাজেটে সামাজিক খাতে ১৭ শতাংশ ব্যয় বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। প্রণব মুখার্জি তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, আগামী অর্থবছরে স্বাস্থ্য, অপুষ্টি মোকাবিলাসহ সামাজিক খাতে ব্যয় ১৭ শতাংশ বৃদ্ধি পাবে। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বাড়বে ২০ শতাংশ। উল্লেখ্য, ভারতে আগামী ১ এপ্রিল নতুন অর্থবছর শুরু হচ্ছে।প্রণব মুখার্জি বলেন, ২০১২ সালের মধ্যে ভারতের অর্থনীতিতে নয় শতাংশ প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধি ধরা হয়েছিল আট দশমিক পাঁচ শতাংশ।অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মুদ্রাস্ফীতির হার কমবে। বর্তমানে মুদ্রাস্ফীতির হার আট দশমিক চার শতাংশ। তবে খাদ্যমূল্যে মুদ্রাস্ফীতির হার ১৭ শতাংশ, যা খুবই উদ্বেগজনক। ভারতে প্রধানমন্ত্রী মনমোহন সিং এরই মধ্যে সতর্ক করে বলেছেন, ভারতের দ্রুত প্রবৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রণব মুখার্জি বলেন, পার্লামেন্টে শিগগিরই একটি খাদ্য-নিরাপত্তা বিল উত্থাপন করা হবে। এ বিলের আওতায় লাখ লাখ দরিদ্র মানুষকে সস্তায় খাদ্য সরবরাহের নিশ্চিয়তা দেওয়া হবে।তবে বিশ্লেষকেরা বাজেটের এত বিশাল অঙ্কের ব্যয় নির্বাহ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।