ভারতে ফিরেছেন ইতালির দুই নৌসেনা
ভারতের কেরালা রাজ্যের দুই মত্স্যজীবীকে গুলি করে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হতে ইতালির দুই মেরিন সেনা অবশেষে দিল্লি ফিরেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ইতালির সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফান ডি মিস্তুরার সঙ্গে একটি সামরিক বিমানে করে ভারতে পৌঁছান মাসিমিলিয়ানো লাতোরি ও সালভাতোর গিরোনি।দ্য হিন্দুর খবরে বলা হয়, ইতালির ওই দুই মেরিন সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না কিংবা গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছে ভারত সরকার। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা ভারতে ফিরেছেন। এর আগে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ আকবারুদ্দিন জানিয়েছেন, ইতালির ওই দুই নৌসেনা দিল্লির পথে রয়েছেন। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ওই দুই নৌসেনা ভারতে ফিরলে এবং দোষী প্রমাণিত হলে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না।ভারতে ইতালির দুই নৌসেনার বিচার চলছিল। ভারতে ফেরার প্রতিশ্রুতি দেওয়ায় সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট দিতে তাঁরা সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে দেশে যান। ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড্যানিয়েল মানচিনি ওই দুই ইতালীয় সেনা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভারতে ফিরবেন বলে হলফনামা দিয়েছিলেন।পরে ইতালি জানায়, দুই সেনা সদস্যকে তারা আর ভারতে পাঠাবে না। রোম থেকে বলা হয়, ওই দুই মেরিন সেনা ইতালিতে থাকবেন। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলে দুজন ভারতীয় জেলেকে হত্যার ঘটনায় তাঁরা অভিযুক্ত। তাঁরা অবশ্য দাবি করেন, জলদস্যু ভেবে তাঁরা ওই দুই জেলেকে গুলি করেন।এর পরিপ্রেক্ষিতে ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মানচিনিকে ভারত না ছাড়ার নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। দুই মেরিন সেনা দেশে গিয়ে কেন ফেরেননি, রাষ্ট্রদূতের কাছে তা-ও জানতে চান তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ ছাড়া ভারতে অবস্থানরত ইতালির রাষ্ট্রদূতের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। এ নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করে।