ভারতে বন্দী ভাস্কর রশিদের মুক্তির আশা বাংলাদেশের
ভারতের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী বাংলাদেশের ভাস্কর রশিদ আহমেদের (৭৭) ব্যাপারে দেশটির আদালত সহানুভূতিমূলক পদক্ষেপ নেবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার দ্য টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।রশিদ আহমেদ (৭৭) ও তাঁর পুত্রবধূ নূর নাহার আট বছর ধরে নয়াদিল্লির তিহার কারাগারে পড়ে আছেন বলে ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরই বিষয়টি আলোচনায় আসে।খবরে বলা হয়, ২০০৪ সালে রশিদ আহমেদ তাঁর পুত্রবধূ নূর নাহারের সঙ্গে আজমির শরিফ পরিদর্শনের উদ্দেশে ভারতে যান। দিল্লির পাহাড়গঞ্জের হোটেলে ওঠেন তাঁরা। সেখানে টাকাপয়সা নিয়ে তাঁদের সঙ্গে হোটেল ব্যবস্থাপকের বাক-বিতণ্ডা হয়। এরপর ওই হোটেলে পুলিশ তল্লাশি চালায়। তাঁরা জানতে পারেন, জাল টাকা বহনের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন। পরে দিল্লির একটি আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।বছরের পর বছর অপেক্ষা করেও বাবাকে ছাড়িয়ে আনতে না পেরে তাঁর মেয়ে লিপি রহমান ভারতে বাংলাদেশের হাইকমিশনের দ্বারস্থ হয়েছেন। তিনি জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা এখন বেশ খারাপ।বাংলাদেশের হাইকমিশন এরই মধ্যে রশিদ আহমেদের আগাম মুক্তির লক্ষ্যে কয়েক দফা ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। এর আগে ২০০৫ সালে ভারতের তত্কালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি দুজনের মুক্তির বিষয়টি বিবেচনা করতে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের কাছে অনুরোধ জানান।রশিদ আহমেদ ও নূর নাহারকে আগামী ২০ জুলাই ভারতের তিজ হাজারির আদালতে হাজির করার কথা রয়েছে। তাঁদের ব্যাপারে আদালত সহানুভূতিমূলক মনোভাব গ্রহণ করে মুক্তি দেবে বলে আশা করছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রশিদ আহমেদের মুক্তির ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (কনসুলার) মোহাম্মদ নাজিবুর রহমান টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া পেয়েছি। কিন্তু যেহেতু বিষয়টি আদালতে গেছে। তাই তারা এ ব্যাপারে কিছু করতে পারবে না।’১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ভাস্কর্যের নকশা করেছেন রশিদ আহমেদ। তাঁর ভাস্কর্যগুলোর মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত ‘মুক্ত বাংলা’ অন্যতম।