ভারতে বন্দী ১৫৬ বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যাপারে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও ভারতীয় কারাগারে আটক ১৫৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে সরকারের স্বরাষ্ট্রসচিব ও পররাষ্ট্রসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে আইনজীবী মুশতাক আহমেদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। রিট আবেদনকারির পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহীদুল ইসলাম।সরকারপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুই সপ্তাহের সময় দিয়ে ১৪ মার্চ শুনানির দিন ধার্য করেছেন আদালত।’ গত ১২ ফেব্রুয়ারি ‘১৫৬ জন বাংলাদেশি ভারতীয় কারাগারে আটক’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রিট আবেদনটি করা হয় প্রতিবেদনটির কপি সংযুক্ত করে। এতে কারাগারে আটক বন্দীদের দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চাওয়া হয়। জানা যায়, পশ্চিমবঙ্গের বহরমপুর সেন্ট্রাল জেলে এই বাংলাদেশিরা আটক ছিল। এ বছর সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও তাদের কারাগারে আটকে রাখা হয়েছে।