ভারতে বর্ষণ ও পাহাড়ধসে ৭৩ জন নিহত
দুই দিনের টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে উত্তর ভারতের সাতটি রাজ্যে নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। আজ মঙ্গলবারই মারা গেছে ১১ জন। তবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তরাখন্ড রাজ্যের উত্তর কাশী, রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলায়। সেখানে মারা গেছে ৪৪ জন। ভারতের দুর্যোগ-ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরাখন্ডের হিন্দু সম্প্রদায়ের চার তীর্থধাম বদ্রিনাথ, কেদার নাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রায় অংশগ্রহণকারী ৭১ হাজার ৪৪০ জন তীর্থযাত্রী আটকে পড়েছে বিভিন্ন জায়গায়। তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিএসএফ ও ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (আইটিবিটি)। কেবল চামোলি জেলায় আটকে পড়েছে ২৭ হাজার ৪০ জন। এ ছাড়া রুদ্রপ্রয়াগে ২৫ হাজার এবং উত্তর কাশী জেলায় নয় হাজার ৮৫০ জন তীর্থযাত্রী আটকে পড়েছে। আটকে পড়েছে পশ্চিমবঙ্গের প্রায় দুই হাজার তীর্থযাত্রীও। তাদের ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গের দুই মন্ত্রীকে পাঠানো হচ্ছে উত্তর কাশীতে।