ভারতে বিক্ষোভ চলছেই, পুলিশের মৃত্যু
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামা হাজার হাজার নারী-পুরুষের প্রচণ্ড বিক্ষোভ চলছেই। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত এক পুলিশ কনস্টেবল আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। আজ মঙ্গলবার এনডিটিভি, দ্য হিন্দু ও বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়।পুলিশ জানায়, নিহত কনস্টেবলের নাম সুভাষ টোমার (৪৫)। গত রোববার ইন্ডিয়া গেটে দায়িত্ব পালনকালে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হন তিনি। এরপর তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়। দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত ‘দ্য হিন্দু’কে বলেন, গতকাল রাত থেকে সুভাষের অবস্থার অবনতি হতে থাকে। আজ সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের জয়েন্ট কমিশনার তাজ হাসান বলেন, এ ঘটনায় আম আদমি পার্টির এক সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তবে পরদিন তাঁরা জামিনে মুক্তি পান। এদিকে এ গণধর্ষণের ঘটনার প্রতিবাদে কয়েক দিন ধরেই রাজধানী নয়াদিল্লিসহ কলকাতা, গুয়াহাটি, লক্ষৌ, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও কানপুরের মতো বড় বড় শহরে বিক্ষোভ চলছে। তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হচ্ছে। এ পরিস্থিতিতে গতকাল প্রধানমন্ত্রী মনমোহন সিং জাতির উদ্দেশে ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। চলমান এ বিক্ষোভে অংশগ্রহণকারীর বেশির ভাগই শিক্ষার্থী। রাজধানীতে বিক্ষোভকারীরা পুলিশের নির্দেশ অমান্য করে রাজপথে জড়ো হচ্ছেন। তাঁরা ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর আইন ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।বিক্ষোভ চলাকালে একটি গাড়ি ও কাঠের একটি বেঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও জল কামান ব্যবহার করছে। দিল্লি পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে পুলিশের ৭৮ জন সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ৬৫ জন বিক্ষোভকারীও আহত হন।বিক্ষোভে উত্তাল দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার গতকাল সকাল থেকে রাজ্যের সব কয়টি সড়ক ও রেলস্টেশন বন্ধ করে দেয়।বিবিসি অনলাইন জানায়, বিক্ষোভ প্রশমনে দিল্লিকে নারীদের জন্য নিরাপদ রাজ্য হিসেবে তৈরি করতে সরকার বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে নৈশপুলিশ, বাসের চালক ও তাঁর সহযোগীকে তল্লাশি এবং বাসে টিনের জানালা ও পর্দা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১৬ ডিসেম্বরের রাতের ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।সরকার ধর্ষণকারীদের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দাবি করছেন।১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে উত্তরখণ্ডের ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর ওই ছাত্রী ও তাঁর সঙ্গের ছেলেবন্ধুকে নৃশংসভাবে মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটায় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে দিল্লির সফদারজং হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন। তাঁকে কৃত্রিম ব্যবস্থায় বাঁচিয়ে রাখা হয়েছে।