ভারতে বিনা মূল্যে ওষুধ
ভারতের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রামায়ণ ভেংকট প্রতি তিন মাস অন্তর দুই ঘণ্টার বাসভ্রমণ শেষে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে ইনসুলিন নিতে যান। প্রায়ই তিনি প্রয়োজনের চেয়ে কম ওষুধ পান। এর পরও তিনি খুশি যে বিনা মূল্যে পাওয়া যাচ্ছে এই ওষুধ। দেশটিতে রামায়ণের মতো এ ধরনের আরও হাজারো মানুষকে সরকার বিনা মূল্যে ওষুধ দিচ্ছে। আজ সোমবার রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে বিনা মূল্যে ওষুধ নিতে প্রতিদিন ভেংকটের মতো হাজারো ওষুধপ্রার্থী হাজির হন। ভেংকট বলেন, হাসপাতালে ওষুধ ও চিকিত্সা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভিড় দেখে তিনি খুশি। বহুমূত্র (ডায়াবেটিস) রোগী ভেংকট বলেন, ‘দোকান থেকে ইনসুলিন কিনতে কয়েক শ রুপি লাগে। এর চেয়ে বরং কিছু অর্থ খরচ করে বিনা মূল্যে ওষুধ আনাটাই ভালো।’ এবার তিনি পুরো তিন মাসের ডোজ একসঙ্গে পেয়েছেন। অবশ্য, কখনো কখনো জোগান কম থাকলে ছয় সপ্তাহের ওষুধ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।ভারতজুড়ে বিনা মূল্যে ওষুধসেবা দেওয়ার লক্ষ্যে বর্তমানে দুটি প্রদেশে তা শুরু হয়েছে। কিন্তু, দেশটির জনস্বাস্থ্য ব্যবস্থায় বরাদ্দ তহবিলে ঘাটতির কারণে তা কত দূর বাস্তবায়ন করা যায়, তা বলা মুশকিল। ১২০ কোটি মানুষের দেশটিতে প্রায় ৪০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। গত বছর থেকে শুরু হওয়া তামিলনাড়ুর এই কর্মসূচি গরিব ও শ্রমিকদের কাছে বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে। ওষুধের বাজারে প্রচলিত খুচরা মূল্যের ছয় ভাগের এক ভাগ বা কোনো ক্ষেত্রে ১০ ভাগের এক ভাগ মাত্র পরিশোধ করতে হয়। দাম কম থাকে বলে বেশি দামের ওষুধের সরবরাহ থাকে কম। তামিলনাড়ু সরকার বলেছে, প্রদেশের ৫০ থেকে ৬০ শতাংশ মানুষ এ কর্মসূচি গ্রহণ করছে। এতে গত বছর সরকার প্রায় ২০০ কোটি রুপি খরচ করে। তবে তামিলনাড়ু কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব অরুল কুমার বলেন, প্রদেশটির মাত্র ৩০ শতাংশ মানুষ বিনা মূল্যে এই ওষুধসেবার সুফল পেয়েছে। রাজীব গান্ধী হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১২ হাজারের মতো রোগী চিকিত্সা নেয়। এর মধ্যে অনেকে আবার বিনা মূল্যে ওষুধও নেয়।ভারতে চিকিত্সাসেবার খরচ দিন দিন বাড়ছে। অথচ, একজন মানুষের স্বাস্থ্যসেবার জন্য বছরে সরকারের বরাদ্দ মাত্র সাড়ে চার মার্কিন ডলার। জনস্বাস্থ্য সেবাকেন্দ্রগুলো প্রায়ই লোকে লোকারণ্য হয়ে থাকে। তা ছাড়া সেগুলোতে জনবলসংকটও প্রকট। একেকটি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে অনেক সময়ও লাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) হিসাবমতে, ভারতে প্রতি ১০ হাজার মানুষের জন্য হাসপাতালে মাত্র নয়টি শয্যা ও ৬ দশমিক ৫ জন চিকিত্সক নিয়োজিত আছেন। সে তুলনায় চীনে আছে ৪২টি শয্যা ও ১৪ দশমিক ২ জন চিকিত্সক। যুক্তরাজ্যে আছে ৩৩টি শয্যা ও ২৭ দশমিক ৪ জন চিকিত্সক। আর তাই, যাঁরা আর্থিকভাবে সচ্ছল, তাঁরা বেসরকারি পর্যায়ে গড়ে ওঠা হাসপাতালেই চিকিত্সা নেন। দিব্য রমন নামের এক তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বলেন, ‘আমি আমার পারিবারিক চিকিত্সকের কাছেই যাই। তার ওপর আমার আস্থা আছে।’ রমন বলেন, তিনি সরকারের বিনা মূল্যে ওষুধ কর্মসূচি সম্পর্কে কিছুই জানেন না। বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণের অন্য প্রদেশটি হলো রাজস্থান। গত বছর কর্মসূচিটি চালু হওয়ার পর থেকে সেখানকার হাসপাতালগুলোতে বহির্বিভাগে রোগীর সংখ্যা ৬০ শতাংশে পৌঁছেছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বেড়েছে প্রায় ২০ শতাংশে। চলতি বছরের শেষে ভারত সরকার নতুন আরেকটি কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। এর আওতায় ২০১৭ সালের এপ্রিল নাগাদ ৫২ শতাংশ মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবার অধীনে আনা যাবে। এর জন্য সরকার প্রায় ৩০০ বিলিয়ন রুপি বরাদ্দ করেছে।