ভারতে বিমান দুর্ঘটনায় নিহত ১৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যে গতকাল শনিবার সকালে বিমান দুর্ঘটনায় অন্তত ১৫৯ জন নিহত হয়েছে। তবে বেঁচে গেছেন সাতজন। রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৬৬ জন যাত্রী ও ক্রু নিয়ে দুবাই থেকে ম্যাঙ্গালোর শহরের বাজপে বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি, রয়টার্স ও পিটিআইয়ের।এয়ার ইন্ডিয়ার পরিচালক অনুপ শ্রীবাস্তব বলেন, বন্দরনগর ম্যাঙ্গালোর বিমানবন্দরের রানওয়ে অপেক্ষাকৃত ছোট। উড়োজাহাজটি রানওয়ে থেকে পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, ১৬০ জন যাত্রীর মধ্যে চারটি শিশু ছিল। উড়োজাহাজের ক্রু ছিলেন ছয়জন। এয়ার ইন্ডিয়ার দুবাই শাখার কর্মকর্তারা জানান, উড়োজাহাজের সব যাত্রী ভারতের নাগরিক। ১৯৯৬ সালের পর এটাই ভারতের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার কম ভাড়ার পরিবহন শাখা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।ভারতের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী প্রফুল প্যাটেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, দুর্ঘটনার স্থান থেকে আটজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এক কিশোরের মৃত্যু হয়। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এম নম্বিয়ার জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৪৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে ৩২০ কিলোমিটার পশ্চিমে বন্দরনগর ম্যাঙ্গালোরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়ের যে স্থানে চাকা স্পর্শ করার কথা তা থেকে দূরে চাকা স্পর্শ করে। উড়োজাহাজটি ছিটকে একটি বাড়ির দেয়াল ভেঙে পার্শ্ববর্তী জঙ্গলবেষ্টিত খাদে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে এতে আগুন ধরে যায়। গাঢ় ধোঁয়ায় চার পাশ ঢেকে যায়। রানওয়ে স্পর্শ করার একটু পরই উড়োজাহাজটি মাঝখান থেকে দুই টুকরো হয়ে যায়। গাঢ় ধোঁয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়।বেঁচে যাওয়া যাত্রী উমর ফারুক বলেন, ‘উড়োজাহাজ অবতরণের জন্য ঠিক পথেই ছিল। রানওয়ে স্পর্শ করার পরপরই আমি একটি বিকট শব্দ শুনতে পাই। তারপরই ধোঁয়ায় চার পাশ ঢেকে যায় এবং উড়োজাহাজে আগুন ধরে যায়। আমি যেখানে বসে ছিলাম, তার একটু সামনেই উড়োজাহাজে চিড় ধরে ভেঙে যায়। আমি লাফ দিয়ে বের হয়ে আসি। আমার পেছনে বসা আরও তিন-চারজন লাফ দেয়।’ আরেক বেঁচে যাওয়া যাত্রী কে পি মানিকুট্টি বলেন, ‘যাত্রীদের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এবং সবাই নিরাপদ অবতরণের জন্যই প্রস্তুত ছিল।’বিমানবন্দরের কর্মকর্তারা জানান, উড়োজাহাজ থেকে তাঁদের কোনো সমস্যা বা সতর্ক সংকেত জানানো হয়নি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লেও ছয় কিলোমিটার পর্যন্ত দেখতে কোনো সমস্যা হচ্ছিল না। বিমানের পাইলট ব্রিটিশ নাগরিক জে গ্লুসিকা (৫৩) এর আগে ১৯ বার এই বিমানবন্দরে উড়োজাহাজ নিয়ে ওঠানামা করেছেন। তিনি যথেষ্ট অভিজ্ঞ বৈমানিক ছিলেন।ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মন্ত্রী প্রফুল পাতিল জানান, এয়ার ইন্ডিয়ার একটি দল তাদের সাহায্য করবে। এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদ্দিউরাপ্পা বলেন, দুর্ঘটনায় প্রায় ১৬০ আরোহী নিহত হয়েছে। পাঁচ থেকে ছয়জনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনার শোক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বিমান দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন।’