ভারতে বিমান দুর্ঘটনায় ১৫৮ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান দুর্ঘটনা-কবলিত হলে ১৫৮ ব্যক্তি নিহত হয়েছেন। ক্রুসহ বিমানটির ১৬৬ জন আরোহীর মধ্যে কেবল আটজন বেঁচে আছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি দুবাই থেকে ছেড়ে আসে। হালকা বৃষ্টিপাতের মধ্যে ম্যাঙ্গালোরের বাজপে বিমানবন্দরে অবতরণ করার সময় এটি রানওয়ে থেকে পিছলে বেরিয়ে গিয়ে ১০ কিলোমিটার দূরের একটি অরণ্যাঞ্চলে বিধ্বস্ত হয়। এর পরপরই বিমানটিতে আগুন লেগে যায়।টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা যায়, বিমানটি একটি অরণ্যাঞ্চলে আটকে আছে। তার ধ্বংসাবশেষ থেকে লকলকিয়ে উঠছে আগুনের শিখা। উদ্ধার কর্মীরা আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেঁচে যাওয়া আরোহীদের একজন, আবদুল্লাহ, হাসপাতাল থেকে স্থানীয় টিভি চ্যানেল টিভি৯-কে বলেন, ‘বিমানটি দুই টুকরো হয়ে যায়। এটি বিধ্বস্ত হওয়ার পরপরই আমি বিমানটির বাইরে লাফিয়ে পড়ি। আমি আরও দুজনকে বেরিয়ে আসতে দেখি।’আবদুল্লাহ আরও বলেন, ‘আমি টায়ার ফেটে যাওয়ার মতো একটি শব্দ শুনতে পাই। আমি প্রথমে বিমানটির সামনের দিক দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করি। কিন্তু সেদিকে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। কাজেই, আমি আবার পেছনে ফিরে যাই এবং সেদিক দিয়ে বেরিয়ে আসি।’