ভারতে মন্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন নারীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে ভারতের হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী গোপাল কান্ডার বিরুদ্ধে মামলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে আজ রোববার বলা হয়, সাবেক বিমানবালা গীতিকা শর্মা দিল্লির অশোক বিহারে তাঁর বাড়িতে গত রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। তিনি ছিলেন এমডিএলআর বিমান সংস্থার সাবেক পরিচালক।আত্মহত্যাকারীর রেখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে অভিযোগ করা হয়েছে, এমডিএলআর বিমান সংস্থার চেয়ারম্যান গোপাল কান্ডা তাঁকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। পুলিশ কর্মকর্তারা এবং গীতিকার পরিবারের সদস্যরা তাঁর চিরকুট রেখে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের ফৌজদারি বিধির ৩০৬ ধারায় গোপাল কান্ডার বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। পুলিশ জানায়, গীতিকা চাকরিতে যোগ দেওয়ার পর খুব দ্রুত পদোন্নতি পেয়ে শীর্ষপদে চলে যান। গত মাসে তিনি তাঁর চাকরি ছেড়েছিলেন।চিরকুটে গীতিকা দাবি করেছেন, চাকরি ছাড়ার পর থেকে কান্ডা তাঁকে মানসিকভাবে নিপীড়ন করে আসছিলেন। তিনি লিখেছেন, আবার কাজে যোগ দেওয়ার জন্য কান্ডা তাঁকে চাপ দিচ্ছিলেন। ‘ওরা আমার বিশ্বাস ভেঙেছে। আমার সঙ্গে প্রতারণা করেছে। এ জন্য আমি আত্মহত্যা করছি।’গীতিকার ভাই গৌরব অভিযোগ করেছেন, কান্ডা প্রায়ই তাঁদের বাসায় আসতেন। তিনি বলেন, ‘বিমান সংস্থাটি উঠে যাওয়ার পর কান্ডা গীতিকাকে আরেকটি চাকরির প্রস্তাব দেন। কিন্তু সে ওই প্রস্তাব ফিরিয়ে দিয়ে দুবাইয়ের এমিরেটস বিমান সংস্থায় যোগ দেয়। এরপর কান্ডা এমিরেটসকে চিঠি লিখে জানান, গীতিকা মন্দ স্বভাবের মেয়ে। এরপর তার চাকরি চলে যায়। কান্ডা হুমকি দিয়েছিলেন, গীতিকা যেন তাঁর কোম্পানি ছাড়া অন্য কোথাও কাজ না করে।’গৌরব আরও বলেন, ’গীতিকা বলত, তার সঙ্গে যা করা হয়েছে, তা কারও সঙ্গে হওয়া উচিত নয়। বিব্রতকর অবস্থা থেকে বাঁচতে সে ওই পদক্ষেপ নিয়েছে।’পুলিশ বলেছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিরকুট ও অন্যান্য আলামত আরও পরীক্ষা করে দেখা হচ্ছে। গীতিকার ফোনকলের রেকর্ড ও ব্যক্তিগত ডায়েরিও খুঁজে দেখা হচ্ছে।