ভারতে মুক্তিযুদ্ধ-চলচ্চিত্র উৎসব
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর স্মরণে এবার ভারতের কলকাতা, দিল্লি এবং আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব। দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চলচ্চিত্র বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। এই উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলো হলো: তারেক মাসুদের মাটির ময়না, তৌকীর আহমেদের জয়যাত্রা, মোরশেদুল ইসলামের খেলাঘর এবং আমার বন্ধু রাশেদ, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা এবং বদরুল আনাম সৌদের খণ্ডগল্প ১৯৭১। আগামী ৯, ১০ এবং ১১ ডিসেম্বর কলকাতায় তিন দিনব্যাপী চলবে এই উৎসব। ত্রিপুরার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে ১০, ১১, ১২ ফেব্রুয়ারি আর নয়াদিল্লিতে এই উৎসব হবে ৯, ১০ এবং ১১ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ডিসেম্বর, ফেব্রুয়ারি আর মার্চ মাস সামনে রেখে এই উৎসবের দিন নির্ধারণ করা হয়েছে।