ভারতে মুগ্ধ অপরাহ!
জীবনের প্রথম ভারত ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও টক শোর রানি অপরাহ উইনফ্রে। উইনফ্রে তাঁর টক শো ‘নেক্সট চ্যাপটার’ এর শ্যুটিং জন্য ভারতে এসেছিলেন।পাঁচ দিনের ভারত ভ্রমণ শেষে সম্প্রতি টুইটারে এক খুদে বার্তায় ৫৭ বছর বয়সী অপরাহ উইনফ্রে লিখেছেন, ‘ভারতে ভ্রমণের অভিজ্ঞতাটা ছিল অসাধারণ।’অসাধারণ তো হবেই। এ পাঁচ দিন উইনফ্রের পায়ের নিচে সব সময় যেন সর্ষেই ছিল! প্রথম ভারত সফর হিসেবে কম ঘোরেননি তিনি। বৃন্দাবন, আগ্রা এবং জয়পুর সাহিত্য উত্সব পরিদর্শন করেছেন, জয়পুরের রাজ পরিবারের উষ্ণ সংবর্ধনা আর আন্তরিকতাপূর্ণ আতিথ্য পেয়েছেন। এ ছাড়া মুম্বাইতে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়েকে দেখতে বচ্চনদের বাড়িতে গিয়েছেন। ভারতের বিশিষ্ট ব্যক্তি পরমেশ্বর গোদরেজের বাড়িতে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি। তাঁর সম্মানে মুম্বাইয়ে আয়োজিত হয়েছিল জাঁকালো পার্টি।ভারতের রাজকীয় ও উচ্চবিত্ত সমাজের অভিজ্ঞতার বাইরেও তাঁর নতুন অনুষ্ঠানের জন্য পরিচালিত গবেষণার অংশ হিসেবে অপরাহ দক্ষিণ মুম্বাইয়ের বস্তিতেও ঘুরেছেন। মাত্র এক সফরেই বহু বর্ণিল এ বিচিত্র অভিজ্ঞতা পেয়ে ভারত-মুগ্ধ হতেই পারেন অপরাহ, বিচিত্র কি!