ভারতে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি
ভারতে মুঠোফোন ব্যবহারকারীর যে সংখ্যা প্রাতিষ্ঠানিকভাবে দাবি করা হয়, প্রকৃত ব্যবহারকারীর সংখ্যা অনেক ক্ষেত্রে তার চেয়ে ৪০ শতাংশ কম। ফলে দেশটিতে টেলিকম শিল্পের প্রসার আসলে কতটা ব্যাপক, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান টেলিকম বাজার। শুধু জানুয়ারি মাসেই সেখানে টেলিকম গ্রাহকের সংখ্যা ২০ মিলিয়ন বেড়ে এখন ৫৪৫ মিলিয়নে দাঁড়িয়েছে। টেলিকমস রেগুলেটরি অথোরিটি অব ইন্ডিয়া বলছে, সে দেশে গড়ে প্রতি ১০০ জনের মধ্যে ৪৬ জনের মুঠোফোন আছে। ভারতে টেলিকম বাজারের দ্রুত প্রসার বিশ্বের বিভিন্ন টেলিকম সংস্থাকে আকৃষ্ট করেছে। যুক্তরাজ্যের ভোডাফোন, জাপানের ডোকোমো, নরওয়ের টেলিনর, রাশিয়ার সিসটেমা ও গালফের এটিসালাতের মতো টেলিকম প্রতিষ্ঠানগুলো স্থানীয় টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধে এ বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু ভারতে বেশির ভাগ মুঠোফোন ব্যবহারকারীই একাধিক সিমকার্ড ব্যবহার করেন। তাঁদের মধ্যে অনেকের লাইফটাইম সিমকার্ড রয়েছে। লাইফটাইম সিমকার্ডগুলো ব্যবহার না হলেও দীর্ঘকাল সচল থাকে। বিশ্লেষকেরা বলছেন, অনেক নতুন মোবাইল অপারেটর বিক্রির আগেই এ ধরনের লাইফটাইম সিম সচল করে রাখছেন। এর ফলে ভারতে মুঠোফোন গ্রাহকের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি মনে হয়। তা ছাড়া ভারতে মুঠোফোন ব্যবহারকারীরা একই নম্বর নিয়ে বিভিন্ন সিম ব্যবহার করতে পারেন। এতে করেও মুঠোফোন ব্যবহারকারীর প্রকৃত সংখ্যা নিয়ে গরমিল দেখা দিচ্ছে। — ফিন্যানন্সিয়াল টাইমস অনলাইন অবলম্বনে।