ভারতে মোটরসাইকেল বানাবে ‘হারলি ডেভিডসন’
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিলাসী মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হারলি ডেভিডসন ভারতে মোটরসাইকেল নির্মাণের জন্য কারখানা স্থাপন করছে। পাঞ্জাব রাজ্যের হরিয়ানার বাওয়ালে এ কারখানাটি নির্মিত হচ্ছে। আগামী বছর এ কারখানাটি উত্পাদনে যাবে বলে হারলি ডেভিডসন সূত্রে জানা গেছে। এ কারখানায় বেশ কয়েকটি মডেলের মোটরসাইকেল তৈরি হবে।এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেলের বাজার। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশটিতে বিলাসবহুল মোটরসাইকেলের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভারত এ মুহূর্তে কম দামি ও অপেক্ষাকৃত সাশ্রয়ী মোটরসাইকেলের অন্যতম বৃহত্ বাজার। তবে বৃহত্ মধ্যবিত্ত জনসংখ্যার পাশাপাশি উচ্চবিত্তের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে দেশটিতে দামি ও বিলাসবহুল মোটরসাইকেলের ব্যাপকভিত্তিক বাজার তৈরি হয়েছে। হারলি ডেভিডসনের প্রায় ১২টি মডেলের আমদানিকৃত মোটরসাইকেল ভারতের বড় শহরগুলোতে সাত লাখ থেকে ৩৮ লাখ রুপিমূল্যে বিক্রি হয়।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের এক দিন আগে হারলি ডেভিডসনের পক্ষ থেকে ভারতে ২০১১ সালের মোটরসাইকেল তৈরির ঘোষণা দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের পর হারলি ডেভিডসন কেবল ব্রাজিলেই এ ধরনের কারখানা তৈরি করেছে। ভারত হবে তৃতীয় দেশ, যেখানে হারলি ডেভিডসন মোটরসাইকেল তৈরির জন্য কারখানা স্থাপন করছে।এ ব্যাপারে হারলি ডেভিডসনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট এস লেভাটিচ বলেন, ভারত চীনের পরপরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেলের বাজার। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটিতে ধনবান মানুষের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এখানে বিলাসবহুল ও ফ্যাশনেবল মোটরসাইকেলের বাজার সৃষ্টি হয়েছে। এ বাজারটি ধরাই হারলি ডেভিডসনের উদ্দেশ্য।—টাইমস অব ইন্ডিয়া