ভারতে যৌন নিপীড়নবিরোধী নতুন আইন কার্যকর
ভারতে যৌন নিপীড়নবিরোধী একটি নতুন অধ্যাদেশে আজ রোববার স্বাক্ষর করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতির সইয়ের পর অধ্যাদেশটি আইনে পরিণত হয়েছে। ছয় মাসের মধ্যে তা পার্লামেন্টে পাস করিয়ে আনতে হবে। দ্য টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন নারী-অধিকার সংগঠন রাষ্ট্রপতিকে ওই অধ্যাদেশে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছিল। তাদের অভিযোগ, অধ্যাদেশটিতে সাবেক বিচারপতি জে এস ভার্মা কমিশনের করা সুপারিশগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি।ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রেখে গত শুক্রবার রাতে ভারতের মন্ত্রিসভা ওই নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন করে। নয়াদিল্লিতে এক মেডিকেল-ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে দেখা দেওয়া জনরোষের প্রেক্ষাপটে বিচারপতি জে এস ভার্মা কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা ওই অধ্যাদেশের খসড়া অনুমোদন করে। নতুন আইনে ধর্ষণের শাস্তি হিসেবে ন্যূনতম ২০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। দেশটিতে ধর্ষণের সাজা হিসেবে ৭ থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান ছিল। বর্তমান অধ্যাদেশে ভুক্তভোগী নারী মারা গেলে বা ধর্ষণের শিকার হওয়ার কারণে যৌন সম্পর্ক স্থাপনের সক্ষমতা হারিয়ে ফেললে অপরাধীর মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।গত বছরের ১৬ ডিসেম্বর নয়াদিল্লির একটি চলন্ত বাসে ওই ছাত্রীকে (২৩) গণধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় সরকার নারী নির্যাতনসংক্রান্ত আইনে পরিবর্তন আনতে সুপারিশ প্রণয়নে একটি কমিটি গঠন করে। সাবেক বিচারপতি জে এস ভার্মাকে এই কমিটির প্রধান করা হয়। গণধর্ষণের শিকার হওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছাত্রীর মৃত্যু হয়। কমিটি গঠনের ২৯ দিনের মাথায় ভার্মা কমিশন গত ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে নারীদের ওপর নির্যাতনের ঘটনায় বেশ কিছু আইন সংশোধনের সুপারিশ করা হয়। এ সুপারিশ খতিয়ে দেখার পর এ-সংক্রান্ত অধ্যাদেশের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে শুক্রবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।