ভারতে যৌন হয়রানি রোধে বিল পাস
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় আজ সোমবার কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি রোধে একটি বিল পাস হয়েছে। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিদের প্রচণ্ড হট্টগোলে আজকের মতো অধিবেশন মুলতবি হওয়ার আগে বিলটি পাস হয়। ডন অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।বিলটি আইনে পরিণত হতে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অনুমোদন লাগবে। এ আইন প্রবর্তিত হলে কর্মক্ষেত্রে ভারতীয় নারীরা, বিশেষ করে গৃহকর্মীরা, যৌন হয়রানির মতো দুর্ভোগ থেকে রেহাই পাবে। এ সমস্যা ভারতে খুব বেশি বলে খবরে উল্লেখ করা হয়।দিল্লি বিশ্ববিদ্যালয়ের উইমেনস স্টাডিজ বিভাগের শিক্ষক রাঘাবি বেল বলেন, ‘আমি আনন্দিত যে তারা (পার্লামেন্ট) বিলটি পাস করেছে। সর্বত্র নারীদের নিরাপদে থাকার অধিকার রয়েছে।’ নয়াদিল্লিভিত্তিক ‘শক্তি’ নামের একটি নারী অধিকার ফোরামের পরিচালক আর কে শেঠি বলেন, চাকরি বাঁচাতে অনেক নারী কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ৩৫ বছরের কম বয়সী ভারতীয় কর্মজীবী নারীদের মধ্যে প্রতি পাঁচজনের একজন কর্মক্ষেত্রে সহকর্মী বা ব্যবস্থাপকের কারণে যৌন নিপীড়নের শিকার হন। নারী অধিকার কর্মীদের মতে, বিপুলসংখ্যক নারী কর্মক্ষেত্রে প্রবেশ করলেও ভারতে যৌন হয়রানি একটি ব্যাধির মতো। এ অবস্থা রোধে যৌন হয়রানি বিল কার্যকর ভূমিকা রাখবে। কর্মক্ষেত্রে হয়রানির শিকার হলে নারীকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এই বিলে। এতে বলা হয়েছে, প্রতিটি কর্মস্থলে নিপীড়নের শিকার হলে নারীরা আনুষ্ঠানিক অভিযোগ করতে পারবেন।