ভারতে রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী সাংমা
ভারতে রাষ্ট্রপতি পদে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পি এ সাংমাকে মনোনয়ন দিয়েছে। বিরোধীদলীয় জোট এনডিএর শরিকদের সঙ্গে এই প্রার্থিতা নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সাংমার নাম ঘোষণা করেন বিজেপি নেতা সুষমা স্বরাজ ও অরুণ জেটলি। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।এ ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী প্রণব মুখার্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংমা। সুষমা স্বরাজ ও অরুণ জেটলি বলেন, প্রধান বিরোধী দল পরিকল্পিত বা কৌশলের আশ্রয় নেওয়া কোনো সরকারকে সমর্থন দিতে পারবে না। তাঁরা বলেন, সাংমার বিষয়ে শিবসেনা ও জনতা দলের (সংযুক্ত) মতো মিত্রদের সমর্থন না পেয়ে এ সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের। কংগ্রেসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে না দেওয়া প্রধান বিরোধী দলের কর্তব্য বলে দাবি করেন তাঁরা।সুষমা স্বরাজ বলেন, বিজেপি সিদ্ধান্ত নিয়েছে পি এ সাংমাকেই রাষ্ট্রপতি পদে সমর্থন দেবে। আর বিজু জনতা দল (বিজেডি) ও সর্ব-ভারতীয় অন্ন দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম (এআইএডিএমকে) রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে সাংমার নাম প্রস্তাব করেছে। তিনি বলেন, সাংমা দেশের, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে অনেক বড় একজন নেতা। তিনি সাংমার বিরোধিতা না করার শিবসেনা ও জনতা দলকে (সংযুক্ত) আহ্বান জানান।