ভারতে শিশু নিয়ে অপরাধ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে শিশুদের নিয়ে অপরাধের ঘটনা প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে। ২০১০ সালের তুলনায় ২০১১ সালে শিশু নির্যাতন ২৪ শতাংশ বেড়েছে বলে দেশটির পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়। আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।‘চিলড্রেন ইন ইন্ডিয়া-২০১২’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, শিশুকে কেন্দ্র করে অপরাধের দিক থেকে দুরবস্থা উত্তর প্রদেশে। গত বছর ভারতজুড়ে শিশুবিষয়ক অপরাধের ঘটনার ১৬ দশমিক ৬ শতাংশই ওই প্রদেশটিতে ঘটেছে। এরপর রয়েছে মধ্য প্রদেশ (১৩ দশমিক ২ শতাংশ), দিল্লি (১২ দশমিক ৮ শতাংশ), মহারাষ্ট্র (১০ দশমিক ২ শতাংশ), বিহার (৬ দশমিক ৭ শতাংশ) ও অন্ধ্র প্রদেশ (৬ দশমিক ৭ শতাংশ)।ভারতে শিশু নিয়ে অপরাধের বিরুদ্ধে গত বছর প্রায় ৩৩ হাজার ১০০টি মামলা করা হয়। ২০১০ সালে মামলা হয়েছিল ২৬ হাজার ৬৯৪টি। নারীশিশুদের যৌনকর্মী হিসেবে কেনার অভিযোগে গত বছর দেশটিতে মোট ২৭টি মামলা করা হয়। এর মধ্যে ৭৪ শতাংশ মামলা করা হয়েছে মহারাষ্ট্রে। অন্যদিকে যৌনকর্মী হিসেবে নারীশিশুদের বিক্রি করার অভিযোগে করা হয়েছিল ১১৩টি মামলা। এসব মামলার ৭৭ শতাংশ করা হয় পশ্চিমবঙ্গে।প্রতিবেদনে বলা হয়, গত বছর শিশু অপহরণের মাত্রা বেড়েছে ৪৩ শতাংশ। ধর্ষণের ঘটনা বেড়েছে ৩০ শতাংশ। শুধু উত্তর প্রদেশ ও দিল্লি—এ দুটি প্রদেশেই ৪৭ দশমিক ৬ শতাংশ শিশু অপহরণের ঘটনা ঘটে। অন্যদিকে উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে ৪৪ দশমিক ৫ শতাংশ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ২০১১ সালে ভ্রূণ হত্যার ঘটনাও আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে। গত বছর ১৩২টি ভ্রূণ হত্যার ঘটনা ঘটে। মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও পাঞ্জাব—এই তিন প্রদেশে ৫৬ শতাংশ ভ্রূণ হত্যার ঘটনা ঘটেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।প্রতিবেদনে বলা হয়, শিশুকে কেন্দ্র করে অপরাধবিষয়ক এ বিশ্লেষণটি ভারতীয় শিশুদের ওপর নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরেছে, যা তাদের শোচনীয় অবস্থার প্রতি ইঙ্গিত করছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এই হতাশাজনক অবস্থার মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে আশা জাগানিয়া তথ্য পাওয়া গেছে। ২০১০ সালের তুলনায় ২০১১ সালে যৌনকর্মের জন্য নারীশিশুদের কেনার হার আগের চেয়ে ৬৫ শতাংশ ও বিক্রির হার প্রায় ১৩ শতাংশ কমেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।