ভারতে সামরিক হেলিকপ্টারে মাওবাদীদের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যে গতকাল শুক্রবার বিমানবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে অবতরণে বাধ্য করেছে মাওবাদীরা।ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবহার করছিল মাওবাদী দমনের কাজে। মাওবাদীদের ছোড়া গুলিতে হেলিকপ্টারে থাকা এক পুলিশকর্মী আহত হয়েছেন। তবে চালকসহ বাকি ছয়জন সুস্থ আছেন। ছত্তিশগড় রাজ্যের পুলিশের মহাপরিচালক রামনিবাস জানান, সুকমা জেলার দোরনাপালের গভীর জঙ্গলে সশস্ত্র বাহিনীর একদল জওয়ানের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে একজন জওয়ানের মৃত্যু হয়। আহত হন পুলিশের একজন সদস্য। তাদের উদ্ধারের জন্য জগদলপুর থেকে বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার সেখানে যায়। আহত ব্যক্তিদের নিয়ে ফেরার পথে পাহাড়ে লুকিয়ে থাকা মাওবাদীরা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হেলিকপ্টারের জ্বালানি ট্যাংক ফুটো হয়ে যায় এবং যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ ছাড়া একজন জওয়ান আহতও হন। এরপর পাইলট হেলিকপ্টারটি পাশের টিমবারওয়ারায় জরুরি অবতরণ করায়। নয়াদিল্লিতে বিমানবাহিনীর মুখপাত্র প্রিয়া যোশি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।