ভারতে সাহারাকে ১৭ হাজার কোটি রুপি ফেরত দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার দেশটির শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান সাহারা গ্রুপকে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে সংগ্রহ করা ১৭ হাজার ৪০০ কোটি রুপি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন। সাহারা গ্রুপ আইন লঙ্ঘন করে ক্ষুদ্র সঞ্চয়কারীদের কাছ থেকে ওই অর্থ সংগ্রহ করেছে বলে আদালত রায় দেন।কোটিপতি ব্যবসায়ী সুব্রত রায়ের মালিকানাধীন সাহারা গ্রুপের শাখা প্রতিষ্ঠান হচ্ছে সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট করপোরেশন ও সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট করপোরেশন। আদালত এই দুটি প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ সুদসহ ১৭ হাজার ৪০০ রুপি (৩ দশমিক ১২ বিলিয়ন ডলার) একটি রাষ্ট্র পরিচালিত ব্যাংকে জমা দিতে নির্দেশ দিয়েছেন। আদালত গতকাল এক রায়ে বলেন, ‘কোনো প্রকার নিয়ন্ত্রণমূলক প্রবিধানের শর্ত পূরণে সম্মত হওয়া ছাড়াই’ দুই কোটি ২০ লাখ বিনিয়োগকারীর কাছ থেকে ওই অর্থ সংগ্রহের কোনো অধিকার ছিল না সাহারার। আদালতের মতে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে ওই অর্থ সংগ্রহ করা হয়েছে। সাহারা ইন্ডিয়া পরিবারের অধীনে রয়েছে আর্থিক, অবকাঠামো, গৃহায়ণ, গণমাধ্যম ও বিনোদন, ভোগ্যপণ্য, শিল্পকারখানা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। ভারতের ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় স্পনসর করা শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যেও সাহারা একটি।উত্তর প্রদেশের রাজধানী লক্ষেৗভিত্তিক সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়। শীর্ষ এই ব্যবসায়ীর বন্ধুদের তালিকায় রয়েছেন দেশের বড় বড় রাজনৈতিক, বিনোদনকর্মী ও ক্রিকেটার। আদালত সতর্ক করে দিয়ে বলেন, নির্দেশ লঙ্ঘন করা হলে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) সাহারা গ্রুপের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। এসইবিআই ওই অর্থ বিনিয়োগকারীদের মধ্যে ফেরত দিতে পারবে। এএফপি।