ভারতে স্বাস্থ্যসেবায় বেহালে বয়স্করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যসেবার দিক দিয়ে বড় বেহাল অবস্থায় রয়েছেন বয়স্ক ব্যক্তিরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যালোচনায় দেখা গেছে, বেশির ভাগ রাজ্য কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অব এল্ডারলি (এনপিএইচসিই)’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত শিগগিরই বয়স্ক নাগরিকদের সংখ্যার দিক দিয়েও দ্বিতীয় হতে যাচ্ছে। কিন্তু সেখানে বয়স্ক ব্যক্তিদের অবস্থা খুব নাজুক বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পর্যালোচনায় উঠে এসেছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা যায়, প্রতি চারজন বয়স্ক ব্যক্তির মধ্যে একজন হতাশায়, তিনজনে একজন গেঁটেবাত ও পাঁচজনে একজন শ্রবণশক্তির সমস্যায় ভোগেন। প্রতি তিনজনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভোগেন এবং প্রায় অর্ধেকেরই দৃষ্টিশক্তি বেশ দুর্বল।মন্ত্রণালয়ের এক তথ্যে উল্লেখ করা হয়, ২০১৩ সালে ষাটোর্ধ্ব ব্যক্তির সংখ্যা বেড়ে ১০ কোটি হবে, ২০৩০ সালে এই সংখ্যা বেড়ে ১৯ কোটি ৮০ লাখে পৌঁছাবে। বর্তমানে ভারতের মোট জনসংখ্যার মধ্যে ষাট ও ষাটোর্ধ্ব ব্যক্তি প্রায় ৭ দশমিক ৫ শতাংশ।২০২৫ সালনাগাদ মোট জনসংখ্যার মধ্যে বয়স্ক ব্যক্তির সংখ্যা ১২ শতাংশ বাড়বে। এর মধ্যে ১০ শতাংশ থাকবে শয্যাশায়ী। নিবিড় পরিচর্যার প্রয়োজন হবে তাঁদের। এসব বয়স্ক ব্যক্তির কথা মাথায় রেখে ভারত সরকার এনপিএইচসিই প্রকল্প হাতে নেয়। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পর্যালোচনায় দেখা গেছে, অর্থ বরাদ্দ দেওয়ার পরও দেশটির বেশির ভাগ রাজ্যই এই প্রকল্প চালু করতে ব্যর্থ হয়েছে।প্রকল্পের অধীনে ৯১টি জেলায় বৃদ্ধদের জন্য স্বাস্থ্য ও পরিচর্যাকেন্দ্র খোলা হবে আশা করা হলেও বর্তমানে মাত্র ২২টি জেলা তা করতে পেরেছে। মাত্র ১২টি জেলায় ১০ শয্যাবিশিষ্ট এ কেন্দ্র খোলা হয়েছে।হরিয়ানার মেওয়াট ও ইয়ামুনানগর এবং জম্মু ও কাশ্মীরের লেহ জেলায় কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে বৃদ্ধদের জন্য ক্লিনিক চালু করা হয়েছে। সেখানে সপ্তাহে তাঁদের দুবার চিকিত্সাসেবা দেওয়া হয়।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অন্ধ্র প্রদেশ, আসাম বিহার, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় রাজ্যে এখনো এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এনপিএইচসিইর অধীনে বৃদ্ধদের চিকিত্সায় ওয়ার্ড ও ক্লিনিক চালুর লক্ষ্যে আমরা ২১টি রাজ্যের ৯১টি জেলায় অর্থছাড় করেছি। প্রাথমিক পর্যায়ে ২০১১ সালের মার্চ মাসে ৩০টি জেলায় আমরা অর্থ দিয়েছি। অন্যদের চলতি বছরের মার্চে দেওয়া হয়। এর মধ্যে খুব কম রাজ্যই এ বিষয়ে কোনো কাজ করেছে। আমাদের ইচ্ছা, দ্বাদশ পরিকল্পনায় সব জেলাতেই এনপিএইচসিই কার্যকর করা। আমাদের টার্গেট, প্রতিবছর ১০০টি জেলায় এই সেবা পৌঁছে দেওয়া।’এনপিএইচসিই আশা করে, ২০টি প্রতিষ্ঠান প্রতিবছর বৃদ্ধদের স্বাস্থ্য ও পরিচর্যা নিয়ে স্নাতকোত্তর পর্যায়ের ৪০ জনকে শিক্ষা দেবে। জেলা হাসপাতালগুলোতে আরও ছয় হাজার ৪০০ শয্যা এবং ২০১৭ সালের মধ্যে প্রতিটি মেডিকেল কলেজে বৃদ্ধদের জন্য এক হাজার শয্যা যোগ করবে।বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চান বলেন, ‘যারা বৃদ্ধ হতে শুরু করেছেন, তাঁরা যদি সুস্থ জীবন যাপন ও শরীরের প্রতি যত্ন নেন, তাহলে শতবর্ষ পর্যন্ত তাঁরা সচলভাবে বেঁচে থাকার আশা করতে পারেন।’ ২০০৬ সালের বিশ্ব জনসংখ্যার প্রেক্ষাপটে দেখা যায়, ভারতে ২০৫০ সালের মধ্যে ৮০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছয় গুণের বেশি হবে। এতে বয়স্ক লোকের সংখ্যা ৭৮ লাখ থেকে বেড়ে পাঁচ কোটি ১৪ লাখে পৌঁছাবে।