ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫
ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলায় গতকাল সোমবার রাতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। স্থানীয় কর্মকর্তারা সংবাদমাধ্যমে এ কথা জানান।গতকাল রাতে হিমাচল প্রদেশ রাজ্য পরিবহন সংস্থার একটি বাস যাত্রীদের নিয়ে পালামপুর থেকে আশাপুরির দিকে যাচ্ছিল। কাংড়া জেলার মাল্লু এলাকার পাহাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি ৫০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। প্রবল বৃষ্টিপাতের কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে পিছলে ওই খাদে পড়ে যায়।কর্মকর্তারা জানান, ঘটনার পর রাতেই ওই পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজে সহযোগিতার জন্য পালামপুর থেকে ভারতীয় সেনাদের খবর দেওয়া হয়। এ ছাড়া দমকল ও চিকিত্সকদের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত ছিল।জেলা প্রশাসক কে আর ভারতি জানান, দুর্ঘটনাস্থল থেকে ২৮ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত পাঁচজন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার তত্পরতা চলছে।