ভারতে সড়ক দুর্ঘটনায় ১৬ পুণ্যার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জম্মু ও কাশ্মীরের সাম্বা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে হিন্দু পুণ্যার্থীদের বহনকারী একটি ট্রাক গভীর গিরিখাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আজ শুক্রবার পুলিশের বরাত দিয়ে এনডিটিভি ও বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে ৩৪ জন পুণ্যার্থী ছিলেন। গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে প্রসিদ্ধ অমরনাথ যাত্রা শেষে ট্রাকে করে ফিরছিলেন তাঁরা। সাম্বা এলাকার মানসার বেল্টের জামুরহা মোরহের কাছে পৌঁছার পর হঠাত্ ট্রাকটি পিছলে সড়কের পাশে একটি গভীর খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে নয়জন নিহত হন। আহত হন ২৩ জন পুণ্যার্থী।খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঘটনাস্থলে পৌঁছায়। তারা লাশ উদ্ধার করে ও আহত ব্যক্তিদের জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথে আরও সাতজন মারা যায়। চলতি মাসে অমরনাথ তীর্থস্থান থেকে ফেরার পথে এ নিয়ে দুবার বড় ধরনের দুর্ঘটনা ঘটল। এর আগে ১৪ জুলাই তীর্থস্থান থেকে ফেরার পথে যাত্রীবাহী একটি বাস রামবান এলাকার কাছে এক গিরিখাদে পড়ে। এতে ১৫ জন পুণ্যার্থী নিহত হন।