ভারতে ৪৫ শতাংশ কিশোর-কিশোরী মাত্রাতিরিক্ত মদ খায়
ভারতে কিশোর-কিশোরীদের মধ্যে মদ খাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দেশের এক-তৃতীয়াংশ কিশোর-কিশোরী কলেজে যাওয়ার আগেই মদ খাওয়া শুরু করে। টুয়েলভ ক্লাসে পড়ুয়া ৪৫ শতাংশ ছাত্রছাত্রী প্রতি মাসে পাঁচ থেকে ছয়বার মদ খায়।ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য প্রকাশ করা হয়। সঙ্গ দোষ, প্রচুর পকেটমানি, মদের সহজলভ্যতা ও সন্তানদের ওপর পিতা-মাতার যথাযথ নজরদারি না থাকার কারণে মদ খাওয়ার প্রবণতা বাড়ছে বলে খবরে বলা হয়েছে। অ্যাসোসিয়েটেড চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (অ্যাসোচ্যাম) সম্প্রতি এ বিষয়ে একটি জরিপ চালায়। এতে দেখা যায়, হতাশাজনিত কারণে ৩২ শতাংশের বেশি কিশোর-কিশোরী মদ খায়। এ ছাড়া একাকীত্বের জন্য ১৮ শতাংশ, একঘেঁয়েমি কাটানোর জন্য ১৫ শতাংশ এবং নেশার জন্য ৪৬ শতাংশ মদ খায়।শিক্ষার্থীরা জানায়, তারা প্রতিবছর মদের পেছনে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার রুপি ব্যয় করে।শতকরা ৪৬ ভাগ কিশোর-কিশোরী জানায়, তারা কোথায় তাদের অবসর সময় কাটায়, তা তাদের পিতা-মাতা জানেন না। এমনকি তাদের ওপর কোন বিধিনিষেধও আরোপ করেন না।ব্যাঙ্গালোরের ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের কনসালটেন্ট সাইক্রিয়াটিস্ট এসভি শ্রীকান্তেশ্বর জানান, গত পাঁচ বছরে কিশোর-কিশোরীদের মধ্যে মদ খাওয়ার প্রবণতা বেড়েছে।মুম্বাই, গোয়া, কোচি, চেন্নাই, হায়দরাবাদ, ইন্দোর, পাটনা, পুনে, দিল্লি, চন্ডিগড় ও দেরাদুনসহ প্রধান প্রধান নগরে ১৫ থেকে ১৯ বছর বয়সী দুই সহস্রাধিক কিশোর-কিশোরীর ওপর এ জরিপ চালানো হয়। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, দিল্লি¬ ও মুম্বাইতে শিশু-কিশোরদের মধ্যে মদ খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এর পরের অবস্থানে রয়েছে চন্ডিগড় ও হায়দরাবাদ।চেন্নাই টিটিকে হাসপাতালের প্রতিষ্ঠাতা শান্তি রঙ্গনাথন জানান, তরুণেরা মদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। তিনি বলেন, ‘আগে আমাদের কাছে ৪০ থেকে ৪৫ বছর বয়সী লোকজন আসতেন। এখন ৩০ বছরের কম বয়সীরা কাছে আসছেন।’শান্তি ও তাঁর দল ঘটনাগুলো পর্যালোচনা করে দেখেছেন যে ১৬ থেকে ১৭ বছর বয়সে তারা প্রথম মদ খায়। গবেষণায় দেখা যায়, সঙ্গ দোষ অল্প বয়সে মদ খাওয়ার অন্যতম প্রধান কারণ। অ্যাসোচ্যামের মহাসচিব ডি এস রাওয়াত বলেন, ‘সঙ্গ দোষ ও মদের সহজলভ্যতার কারণে বহু ভারতীয় তরুণ মদ খাচ্ছে।’অতীতে মদ খেয়ে ভালো লাগার কারণে বেশির ভাগ কিশোর-কিশোরী আবারও তা খাচ্ছে। মেয়েদের চেয়ে কিশোর ছেলেদের মদ খাওয়ার প্রবণতা বেশি।দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের মনোবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক রজত রায় বলেন, ‘অনেক বিশেষজ্ঞ মনে করেন, পর্যাপ্ত বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত না থাকায় কিশোরদের মাঝে মদ খাওয়ার প্রবণতা বাড়ছে।’গবেষণায় দেখা যায়, ৭০ শতাংশ কিশোর-কিশোরী বিভিন্ন বিদায়ী অনুষ্ঠান, নববর্ষ, বড়দিন, বিশ্ব ভালোবাসা দিবস, জন্মদিন ও অন্যান্য অনুষ্ঠান উপলক্ষে মদ খায়।—বাসস