ভারতে ৬১টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পর্শকাতর তালিকায় থাকা বাংলাদেশি ৬১টি পণ্য ভারতের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে। এর মধ্যে ৪৭ ধরনের পণ্য হচ্ছে বস্ত্র ও তৈরি পোশাক খাতের। বাকি ১৪টি চামড়া ও চামড়াজাত পণ্য।তিন দিনের ভারত সফর শেষে গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ কথা জানান। বাণিজ্যসচিব গোলাম হোসেন ও অতিরিক্ত সচিব মর্তুজা রেজা চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। ফারুক খান বলেন, ‘বর্তমানে ৪৮০টি পণ্য ভারতের স্পর্শকাতর তালিকায় রয়েছে। এর মধ্যে বেশির ভাগই আমাদের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাক খাতের। তবে ভারতের কাছে শুল্ক ও কোটামুক্ত ৬১টি পণ্যের একটি তালিকা দেওয়া হয়েছে। সে ব্যাপারে ইতিবাচক আশ্বাসও মিলেছে।’বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা জানিয়েছেন, ৬১টি পণ্যের ভারতে প্রবেশাধিকারের বিষয়টি তাঁদের বিবেচনাধীন। আগামী বছরের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা রয়েছে। তখন এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। এই সুবিধা পেলে ভারতে রপ্তানি অনেক বেড়ে যাবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ফারুক খান বলেন, ট্যারিফ রেট কোটার (টিআরকিউ) অধীনে ভারতের বাজারে ৮০ লাখ পিস তৈরি পোশাক খাতের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় বাংলাদেশ। এ বছরের রপ্তানিযোগ্য ১৭ লাখ পিস এখনো বাকি আছে।বাণিজ্যমন্ত্রী বলেন, এই সুবিধা আগামী বছর সম্প্রসারণের আশ্বাস দিয়েছে ভারত। যদিও চুক্তি অনুযায়ী এ বছরই তা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে ৬১টি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা পেলে তখন এই কোটা-সুবিধার প্রয়োজন হবে না।পণ্য রপ্তানির ক্ষেত্রে বিএসটিআইয়ের সনদকে ভারত মানসম্মত বিবেচনায় নিতে চায় না জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা এতে দুর্ভোগে পড়েছেন। তবে বিএসটিআই সনদ নেওয়ার জন্য ভারতের অ্যাক্রিডিটেশন কাউন্সিলে আবেদন করেছে। আগামী ১৫ নভেম্বর সরেজমিনে বিএসটিআই পরিদর্শনে ভারতের একটি প্রতিনিধিদল আসবে। ডিসেম্বরের মধ্যে বিএসটিআইয়ের অ্যাক্রিডিটেশন পাওয়া যাবে বলে ভারত জানিয়েছে।সীমান্ত হাট চালুর বিষয়ে ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে জানান ফারুক খান। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দুটি হাট আনুষ্ঠানিকভাবে চালু হবে। একটি বালিয়ামারী (কুড়িগ্রাম)-কালাইচরে (মেঘালয়) এবং অপরটি লাওয়াঘর (সুনামগঞ্জ)-বালাতে (মেঘালয়)।ফারুক খান বলেন, সীমান্ত পয়েন্টে হাটগুলো আয়তনে ৭৫ মিটার বাংলাদেশে ও ৭৫ মিটার ভারতের অংশে থাকবে। প্রতি শনিবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত হাট চলবে। দুই দেশের ২৫ জন করে মোট ৫০ জন ব্যবসায়ী হাটে অংশ নেবেন। ব্যবসায়ীদের পাসপোর্ট ভিসার প্রয়োজন হবে না। তবে নিজ দেশের সরকারের দেওয়া পরিচয়পত্র থাকতে হবে। প্রতি ব্যবসায়ী ৫০ ডলার মূল্যের সমপরিমাণ কেনাবেচা করতে পারবেন। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে উভয় দেশের মুদ্রাই ব্যবহার করা যাবে। হাটের কাছে দুই দেশের দুটি প্রবেশপথ থাকবে। সেখানে ব্যাংকের বুথও থাকবে। ব্যবসায়ীরা ব্যাংক থেকে অপর দেশের মুদ্রা নিজেদের টাকায় রূপান্তর করতে পারবেন। মন্ত্রী আরও বলেন, পরীক্ষামূলক প্রকল্প হিসেবে এ দুটি হাট চালু করা হচ্ছে। সফল হলে ভবিষ্যতে আরও হাট হবে।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে বন্ধ থাকলেও আগামী নভেম্বর থেকেই ভারত তুলা রপ্তানি শুরু করবে। তখন তাদের কাছ থেকে ১১ লাখ বেল তুলা পাওয়া যাবে।বাংলাদেশের প্রতিবছর ৫৫ লাখ বেল তুলা বিদেশ থেকে আমদানির কথা উল্লেখ করে ফারুক খান জানান, ভারত থেকে ১০ লাখ বেল, উজবেকিস্তান থেকে ৪০ লাখ বেল ও অন্যান্য দেশ থেকে পাঁচ লাখ বেল তুলা আমদানি করা হয়। রপ্তানি বন্ধ থাকার কারণে গত বছর এক লাখ ৩৭ হাজার ৭৬৫ বেল তুলা ভারত থেকে পাওয়া যায়নি। নভেম্বরে এ তুলাসহ ১০ লাখ বেল তুলা পাওয়া যাবে। এ ছাড়া ভারতের কাছে প্রতিবছর ২০ লাখ বেল তুলা রপ্তানির কোটা চাওয়া হয়েছে। তারা এ বিষয়টিও বিবেচনা করবে বলে জানিয়েছে।পণ্য পরিবহনে ভারত ও নেপালের ট্রাক সীমান্ত থেকে ২০০ মিটার বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারবে। উল্টো পারবে বাংলাদেশও। গুদামের কাছে এসে পণ্য খালাস করার ব্যাপারেও একটি চুক্তি সই হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ফারুক খান আরও জানান, ভারতের টাটার সঙ্গে বাংলাদেশের নিটল গ্রুপের ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি, টাটার পিকআপের যন্ত্রাংশ সংযোজনের জন্য এমওইউ স্বাক্ষরিত হয়েছে। টাটা ‘টেকনিশিয়ান’ তৈরির জন্য একটি কারিগরি বিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছে।এ ছাড়া ভারতের এসআরএস ও বাংলাদেশের উত্তরা প্যাকেজিংয়ের যৌথ অংশীদারির ভিত্তিতে একটি আধুনিক কারখানা গড়ে তোলার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।