ভারতে ‘আটক’ র‌্যাব সদস্যকে ১০ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ত্রিপুরা সীমান্ত এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে মাদকবিরোধী অভিযান চালানোর সময় ভারতের একদল চোরাকারবারি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যসহ দুই বাংলাদেশিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এর প্রায় ১০ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁদের হস্তান্তর করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।ফেরত আনা ওই বাংলাদেশিরা হলেন: র‌্যাবের সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ও সোর্স সুব্রত তাঁতী। গ্রামবাসীদের বিবরণ অনুযায়ী, র‌্যাবের একটি দল গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার কুঞ্জবন গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক চোরাকারবারি সন্দেহে সেলিম নামের একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ছাড়া র‌্যাবের সদস্য শফিকুল ও সোর্স সুব্রত অন্য চোরাকারবারিদের ধাওয়া দিয়ে সীমান্তের ১৯৪৪ নম্বর খুঁটি এলাকায় নো-ম্যানস-ল্যান্ডের ভারতের অংশে ঢুকে পড়েন। পরে চোরাকারবারিরা তাঁদের ধরে ভারতে নিয়ে যায়। বিজিবি সিন্দুরখান সীমান্ত ফাঁড়ির হাবিলদার শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সিন্দুরখান সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার সাব্বির বিএসএফের চাম্বুবস্তি ক্যাম্পের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। পরে চোরাকারবারিদের কাছ থেকে ওই দুজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বিএসএফ।১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুর রহিম বলেন, কয়েক দফা পতাকা বৈঠক শেষে রাত দেড়টার দিকে র‌্যাবের সদস্য ও সোর্সকে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে তিনি ছাড়াও অপ্স অফিসার মেজর তৌহিদ বিন ইসহাক এবং ৭৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রঘুবীর সেন ছিলেন। র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের পরিচালক এএসপি মঞ্জুর আহমেদ সিদ্দিকী বলেন, অভিযান চলাকালে র‌্যাব সদস্য শফিকুল সাদা পোশাকে ছিলেন। তবে তাঁর সঙ্গে পরিচয়পত্র ছিল। তিনি সুস্থ আছেন। ‘মাদক ব্যবসায়ী’ সেলিমকে শ্রীঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।