ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লায়লার গতি ভারতের অন্ধ্র উপকূলের দিকেই ছিল। গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত সেটি অন্ধ্র উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। রাত আটটার দিকে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় লায়লা অন্ধ্র উপকূলেই আঘাত হানবে, সে কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আঘাত হানার আশঙ্কা অন্ধ্র কিংবা ওডিশা উপকূলের মধ্যেই। বাংলাদেশের উপকূলে এটির আঘাত হানার আশঙ্কা ক্ষীণ। লায়লার প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ও গভীর সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে আজ বৃহস্পতিবার সকাল নাগাদ লায়লা অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে, এমনটা ধরে নিয়েই ভারতে ঘূর্ণিঝড় প্রস্তুতি শুরু করা হয়েছে। অন্ধ্র প্রদেশ রাজ্য কর্তৃপক্ষ উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি গতকাল সন্ধ্যায় চেন্নাই উপকূল থেকে ১৯০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশসংলগ্ন তামিলনাড়ু রাজ্যে গতকাল প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে সেখানে এক জেলে সাগরে ডুবে মারা গেছেন।গত সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি মধ্যাহ্নে সুস্পষ্ট লঘুচাপে এবং বিকেলের মধ্যে নিম্নচাপে পরিণত হয়। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। গতকাল সন্ধ্যায় সেটি ভারতের দিকে সরে গিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩২৫ কিলোমিটার এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। একই সঙ্গে এর শক্তিও বাড়ছিল।এদিকে নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানান, সাগর উত্তাল রয়েছে। উত্তর-বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। চট্টগ্রামে সারা দিন ভ্যাপসা গরম ছিল, কোনো বৃষ্টি হয়নি। নিজস্ব প্রতিবেদক বরগুনা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল সারা দিন বরগুনাসহ উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস প্রবাহিত হয়। একই সঙ্গে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতিকেন্দ্রের উপপরিচালক মো. হাফিজুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড়টির গতিপথ পরিবর্তন না হলে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা খুব কম। এদিকে জেলেরা জানিয়েছেন, সাগর উত্তাল হওয়ায় গভীর সমুদ্রের মাছধরা ট্রলারগুলো উপকূলের দিকে ফিরে আসছে। অনেক ট্রলার বিকেলে নিরাপদে ফিরেছে।পটুয়াখালী অফিস জানায়, লায়লার প্রভাবে পর্যটনকেন্দ্র কুয়াকাটার কাছে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। উপকূলীয় এলাকায় প্রচণ্ড গরম ও প্রবল বাতাস এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল বুধবার সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছে। ইতিমধ্যে কুয়াকাটা, আলীপুর, মহিপুর, গঙ্গামতি, মৌডুবিতে শতাধিক মাছধরার ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে। গতকাল বিকেলে কলাপাড়ার আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা জানান, এখনো অনেক ট্রলার গভীর সাগরে রয়েছে। সাগর উত্তাল থাকায় জেলেদের পরিবারে উৎকণ্ঠা দেখা দিয়েছে।