ভারতের অরুণাচলে বিমানবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় ১১ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অরুণাচল প্রদেশে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় আজ শুক্রবার দুপুরে ১১ বৈমানিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অরুণাচলের মুখ্যমন্ত্রী দোরজি খানডু গভীর শোক প্রকাশ করেছেন। দুপুর ১২টার দিকে এমআই-১৭ হেলিকপ্টারটি ১১ জন বৈমানিকসহ অরুণাচলের তাওয়াং থেকে আসামের রাজধানী গুয়াহাটি যাওয়ার সময় তাওয়াং হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারে বিস্ফোরণ ঘটে। এতে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। সেনাবাহিনী অরুণাচলের বোমদির এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, ১১ বৈমানিকের মধ্যে দুজন পাইলট এবং নয়জন শিক্ষানবিশ পাইলট ছিলেন। ইতিমধ্যে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।