ভারতের অর্থ সাহায্য গ্রহণ করবে পাকিস্তান
পাকিস্তানের স্মরণকালের ভয়াবহ বন্যার ত্রাণ ও পুনর্বাসনে বৈরী প্রতিবেশী হিসেবে পরিচিত ভারতের ৫০ লাখ ডলারের সাহায্য গ্রহণ করবে পাকিস্তান। গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে আলাপ করে এ অর্থ সাহায্যের প্রস্তাব দেন। খবর বিবিসি অনলাইনের।জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ হারুণ ভারতের এ সাহায্যের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, এ দুর্যোগ ভারত ও পাকিস্তানকে কাছাকাছি এনেছে। পাকিস্তানের দুর্যোগ নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষ আলোচনার সময় তিনি এ কথা বলেন।হারুন এ প্রস্তাবকে ‘সত্যিকারের আনন্দময়’ ও ‘শুভ সূচনা’ হিসেবে আখ্যায়িত করেছেন। অবশ্য তিনি আরও বলেন, এ দুর্যোগ কাটিয়ে উঠতে পাকিস্তানের বছরব্যাপী সহায়তা প্রয়োজন।অন্যদিকে পাকিস্তানি সরকারি সূত্রে জানা গেছে, বন্যার কারণে সিন্ধু প্রদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। এতে এখানে কমপক্ষে দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানি সরকারি কর্মকর্তারা বলেছেন, পুনর্বাসন এ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতে জাতিসংঘের দূত হারদ্বীপ সিং পুরি বলেছেন, ৫০ লাখ ডলারের এ সাহায্য তাদের প্রাথমিক সাহায্য। প্রয়োজনে তার দেশ আরও সাহায্য করতে প্রস্তুত। তিনি বলেন, ‘পাকিস্তানের বন্যা পরিস্থিতিতি মোকাবিলায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সব ধরনের সহায়তা করব। পাকিস্তান সরকারকে ত্রাণ ও পুর্নবাসন সহায়তার জন্য আমরা সাহায্যের হাত প্রসারিত করে রেখেছি।’ উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় পাকিস্তানি নাগরিক জড়িত থাকার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। তবে বর্তমানে এ সম্পর্কের উন্নতির আভাস পাওয়া গেছে।এদিকে পাকিস্তানে গত মাসে মৌসুমি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় দেশটির এক-পঞ্চমাংশ এলাকা তলিয়ে গেছে। স্মরণকালের এ ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা এক হাজার ৬০০। এর পাশাপাশি বিশেষজ্ঞেরা সতর্ক করে দিয়ে বলেছেন, পানিবাহিত রোগের কারণে আরও অনেক মানুষের মৃত্যু হতে পারে।