ভারতের আইনমন্ত্রী ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার প্রকাশের নয় দশক পূর্তির যৌথ উদযাপনে অংশ নিতে ভারতের আইন, বিচার ও সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ দুই দিনের সফরে আগামী শুক্রবার ঢাকায় আসছেন। প্রতিবেশী দুই দেশের আয়োজনে এই অনুষ্ঠান আগামী ২৫ ও ২৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সালমান খুরশিদ ঢাকার অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন। ‘বিদ্রোহী’ প্রকাশনার বিশেষ অনুষ্ঠানে তিনি ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন ভারতীয় লোকসভার সদস্য ভোলা সিং ও চংশেন মংকোসুংকুম। এ বছরের এই যৌথ অনুষ্ঠান পর ভারতের কলকাতা ও বর্ধমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আগামী ২৫ ও ২৬ মে অনুষ্ঠেয় ঢাকার অনুষ্ঠানে বাঁধন চন্দ্র সেনগুপ্ত, প্রদীপ ঘোষ, সুস্মিতা গোস্বামী, নবারুণ ভট্টাচার্যসহ ভারতের প্রখ্যাত নজরুল বিশেষজ্ঞ ও শিল্পীরা অংশ নেবেন।এদিকে ঢাকা সফরের সময় ভারতের আইনমন্ত্রী সালমান খুরশিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।